শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেজ।
সোমবার (৬ জুলাই) ডালাসে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্তিনেজ নিশ্চিত করেন, এটাই ছিল জাতীয় দলের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।
তিনি বলেন, ‘হ্যাঁ, এটাই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ। আমি গর্বিত। ৪৫টি ম্যাচে দলের দায়িত্ব পালন করেছি। পর্তুগালে আমি যেভাবে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা সারাজীবন মনে রাখব।’
মার্তিনেজ আরও বলেন, ‘এটি ছিল আমার জন্য সম্মান, গর্ব এবং বড় দায়িত্ব। অবশ্যই কঠিন মুহূর্ত, তবে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব ছাড়াটাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।’
২০২৩ সালে পর্তুগালের দায়িত্ব নেওয়া মার্তিনেজের চুক্তির মেয়াদ ছিল এই বিশ্বকাপ পর্যন্ত। এর আগে ২০২৪ ইউরোতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তার দল।
পর্তুগালের বিদায়ের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারেরও ইতি ঘটতে পারে। ৪১ বছর বয়সী এই তারকা শিগগিরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মার্তিনেজ। তিনি পর্তুগিজ অধিনায়ককে একজন আদর্শ নেতা হিসেবে প্রশংসা করেন এবং জাতীয় দলের জন্য তার অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানান।
এসজি/