পর্তুগাল ও স্পেনের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। দুই দলই সমানতালে লড়াই করেছে, তবে স্পেন একটি সহজ সুযোগ নষ্ট করে এবং পর্তুগালের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের শুরুতেই আক্রমণে ওঠে স্পেন। বল নিয়ে এগিয়ে যান মিকেল ওইয়ারসাবাল। বক্সের বাইরে থেকে শট নিলেও তার প্রচেষ্টা সহজেই তালুবন্দি করেন দিয়োগো কস্তা। এরপর দানি ওলমোর চমৎকার পাসে আরেকটি সুযোগ পান ওইয়ারসাবাল। তবে বক্সের ভেতর থেকে নেওয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দারুণ সুযোগ নষ্ট করেন তিনি।
১৩ মিনিটে ডান দিক দিয়ে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। জায়গা তৈরি করে নেওয়া তার জোরালো শটটি দারুণভাবে রুখে দেন উনাই সিমন।
এরপর স্পেনের একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তা। নুনো মেন্দেস ওপরে উঠে যাওয়ায় ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আক্রমণে ওঠেন লামিনে ইয়ামাল। বক্সের ভেতরে ঢুকে শট নিলেও কস্তা সেটি ফিরিয়ে দেন। রিবাউন্ডে পাওয়া বল থেকে আরেকটি শট নেন আলেক্স বায়েনা, কিন্তু এবারও সফল হন কস্তা।
ম্যাচের ৩৭ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে উঠে পর্তুগাল। পেদ্রো নেটো বক্সের দূরের পোস্টে নিখুঁত ক্রস পাঠান। সেখানে জোয়াও ফেলিক্স মাথা ছুঁইয়ে বলটি এগিয়ে দেন রোনালদোর দিকে। তবে তার হুক করা শটটি সহজেই ধরে ফেলেন উনাই সিমন।
৪২ মিনিটে কর্নার থেকে বড় সুযোগ তৈরি করে পর্তুগাল। বল পেয়ে বক্সের প্রান্তে উঠে যান নুনো মেন্দেস এবং জোরালো শট নেন। কিন্তু বলটি পেদ্রো পোরোর মাথায় লেগে দিক পরিবর্তন করে সরাসরি ক্রসবারে আঘাত করে ফিরে আসে।
প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে শক্তিশালী শট নেন রদ্রি, তবে তা ক্রসবারের অনেক ওপর দিয়ে গ্যালারিতে চলে যায়। আর কোনো সুযোগ তৈরি না হওয়ায় প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।
এসজি/