বালোগুনকে লাল কার্ড দেখানো নিয়ে বিতর্ক থামছেই না। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেফারি রাফায়েল ক্লাউসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে তার জবাবে ব্রাজিলিয়ান এই রেফারির প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে ফিফা।
বিশ্বকাপের শেষ-৩২ পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলেছিল যুক্তরাষ্ট্র। ম্যাচে তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুট দিয়ে আঘাত করেন মার্কিন স্ট্রাইকার ফোলাশিন বালোগুন।
প্রথমে খেলা চললেও পরে ভিএআর পর্যালোচনা করেন রেফারি রাফায়েল ক্লাউস। এরপর বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। লাল কার্ড পেলেও ম্যাচটি জিতে নেয় যুক্তরাষ্ট্র। পরে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। ফলে শেষ-১৬ পর্বে খেলার সুযোগ পান তিনি।
এ সিদ্ধান্তের কৃতিত্ব নিজের বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে ক্লাউসের অতীত রেকর্ড নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।
তিনি বলেন, ‘তার অতীত রেকর্ড ঘেঁটে দেখলে তাকে কিছুটা সন্দেহজনক মনে হতে পারে।’
ট্রাম্পের মন্তব্যের পরই বিবৃতি দেয় ফিফা। সেখানে রাফায়েল ক্লাউসের প্রতি পূর্ণ আস্থার কথা জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা জানায়, ক্লাউস বিশ্বের অন্যতম সেরা পেশাদার রেফারি। তিনি ফিফা বিশ্বকাপের 'টিম ওয়ান' এলিট রেফারি গ্রুপেরও সদস্য । পুরো ক্যারিয়ারজুড়ে ক্লাউস সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার পরিচয় দিয়েছেন।
টুর্নামেন্ট চলাকালে রেফারিদের গণমাধ্যমে কথা না বলার নীতি রয়েছে। তাই এ বিষয়ে ক্লাউস কোনো মন্তব্য করেননি। ৪৬ বছর বয়সী ক্লাউস ইতোমধ্যে ৬০০-এর বেশি ম্যাচ পরিচালনা করেছেন।