দিনাজপুরে পৃথক বিশেষ অভিযানে পাচারের আগেই প্রায় দেড় কোটিরও বেশি টাকার বিরল ও দুষ্প্রাপ্য প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার হওয়া প্রত্নবস্তুর মধ্যে রয়েছে একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ, একটি বিষ্ণু মূর্তি এবং একটি বেলে পাথরের মনসা মূর্তি।
সোমবার (৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুইন হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৫ জুলাই) পার্বতীপুর উপজেলার মালিপাড়া গ্রামে বিশেষ অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য পুষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।
একইদিন দিনাজপুরের কাহারোল উপজেলার ইছাইল এলাকার একটি বাড়ি থেকে ১৩ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় প্রত্নসম্পদ পাচারচক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া পুষ্টি পাথরের শিবলিঙ্গ, বিষ্ণু মূর্তি ও মনসা মূর্তির মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুইন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রত্নসম্পদ পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
তিনি আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার বস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এগুলো সংরক্ষণের দায়িত্ব সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। আইনি প্রক্রিয়া শেষে প্রত্নবস্তুগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
সুলতান মাহমুদ/অদিতি/