বিশ্ব শেয়ার বাজারের বড়সড় ধস ও প্রযুক্তিখাতে অস্থিরতায় বিশ্বের একমাত্র ‘ট্রিলিয়নিয়ার’ তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক।
গত ১২ জুন নিজের রকেট ও স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর ঐতিহাসিক আইপিও চালুর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড গড়ার মাত্র কয়েক দিনের মাথায় স্পেসএক্স এবং টেসলার শেয়ারের নজিরবিহীন পতনে মাস্কের সম্পদ এক ধাক্কায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের নিচে নেমে গেছে।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ কমে প্রায় ৯৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ট্রিলিয়নিয়ারের খেতাব হারালেও ইলন মাস্ক এখনও বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি। কারণ স্পেসএক্সে তার থাকা অংশীদারত্বের মূল্য এখনও প্রায় ৭৪৪ বিলিয়ন ডলার (যা তার মোট সম্পদের প্রায় ৮০ শতাংশ) এবং টেসলায় রয়েছে ১৫৮ বিলিয়ন ডলার।
বাজার ঘুরে দাঁড়ালে তিনি আবারও ট্রিলিয়নিয়ার ক্লাবে ফিরবেন, এটাই স্বাভাবিক।
তবে মজার ব্যাপার হলো, যখন নিজের সম্পদ কমছে, তখন ইলন মাস্ক এক ভিন্ন তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত রোবোটিক্সের কারণে ভবিষ্যতে পৃথিবী এত বেশি উৎপাদনশীল হবে যে মানুষের আর টাকার কোনো প্রয়োজনই থাকবে না।
মাস্কের ভাষায়, ‘ভবিষ্যতের কোনো এক সময়ে এসে প্রথাগত মুদ্রার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকবে না।’
মাস্কের এই তত্ত্বে অর্থনীতিবিদরা সন্দিহান হলেও, আপাতত কোটি কোটি বিনিয়োগকারীর নজর এখন স্পেসএক্সে। সূত্র: এনডিটিভি
আজহার/