ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া মেলোনি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার আবারও তার সাবেক মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে খোঁচা দিয়েছেন। তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী সুসম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
মেলোনি গত মাসে ট্রাম্পের বিরুদ্ধে তার সম্পর্কে একটি মনগড়া গল্প তৈরির অভিযোগ তোলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট এক ইতালীয় টিভি চ্যানেলকে বলেন, ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য ‘অনুরোধ’ করেছিলেন।
চলতি সপ্তাহে তুরস্কে দুই নেতার ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। তার আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিজের দিকে তাকিয়ে থাকা মেলোনির একটি ছবি পোস্ট করে বলেন ‘আদালতের নিষেধাজ্ঞামূলক আদেশ প্রয়োজন’। তার এমন মন্তব্য দুই নেতার মধ্যে বিরোধকে পুনরায় উসকে দিয়েছে বলে মনে হচ্ছে। তবে ইতালির প্রধানমন্ত্রী এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
স্কাই টিভিকে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, ‘পোস্টটির বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া ছিল না, মূল বিষয় হলো যুক্তরাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ মিত্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।’ তিনি বলেন, মানুষ আসে আর যায় কিন্তু সম্পর্ক থেকে যায়।
ইতালির বিরোধী রাজনীতিকরা অবশ্য এতটা সংযত ছিলেন না। ছোট দল অ্যাজিওনের নেতা কার্লো ক্যালেন্দা এক্সে মেলোনির প্রতি সমর্থন জানিয়ে লিখেন, ‘ট্রাম্প একজন জঘন্য, নিম্নরুচির দাদাগিরি করা ব্যক্তি।’
মেলোনি একসময় ট্রাম্পের একজন প্রকাশ্য সমর্থক ছিলেন। তিনি ২০২৫ সালে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া একমাত্র ইউরোপীয় নেতা ছিলেন।
ইরান সংঘাতের নিন্দা করার জন্য পোপ লিওকে আক্রমণ করায় মেলোনি এ বছর ট্রাম্পের সমালোচনা করেন। ট্রাম্পও তিরস্কার করে বলেন, তিনি যথেষ্ট সাহসী নন।
সূত্র: রয়টার্স