মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযানের একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পরে লক্ষীগঞ্জ এলাকায় গোপন সংবাদে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় তার ফেলে যাওয়া ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম জানান, পারভেজকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। এই সুযোগে পারভেজকে ছিনিয়ে নিয়ে যায় তারা। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পারভেজকে আটকের পর অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ তাকে একটি পুকুরপাড় এলাকায় নিয়ে যায়। পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই কয়েকজন ব্যক্তি একের পর এক বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধোঁয়া ও আতঙ্কের মধ্যে পারভেজকে ছিনিয়ে নিয়ে দ্রুত সরে পড়ে তারা।
ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। বোমা হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। একই সঙ্গে পলাতক পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
ঘটনাটি এলাকায় মাদককারবার, অপরাধী চক্রের সক্রিয়তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সশস্ত্র বাধা দেওয়ার বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।
রফিকুল/খাদিজা রুমি/