জার্মানি জাতীয় দলের প্রধান কোচ হওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন ইয়ুর্গেন ক্লপ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, লিভারপুল ছাড়ার সময় যে শক্তির ঘাটতির কথা বলেছিলেন, এখন তিনি পুরোপুরি সেই শক্তি ফিরে পেয়েছেন এবং নতুন দায়িত্ব নিতে প্রস্তুত।
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হারের চার দিন পর শুক্রবার জুলিয়ান নাগেলসমান পদত্যাগ করেন। এর পর থেকেই জার্মান ফুটবল ফেডারেশনের প্রধান পছন্দ হিসেবে উঠে আসে ক্লপের নাম। শুক্রবার রাতে নিউইয়র্ক থেকে বিশ্বকাপ বিশ্লেষক হিসেবে জার্মান সম্প্রচারমাধ্যম ম্যাজেন্টা টিভিতে কথা বলতে গিয়ে ক্লপ বলেন, ‘জুলিয়ান পদত্যাগ করেছেন এবং (ফেডারেশন) তার উত্তরসূরি খুঁজে বের করার কাজ করছে। সেই বিবেচনার অংশ হিসেবেই তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে।’
দলের ভবিষ্যৎ নিয়ে ফেডারেশনের বিবৃতিতেও একমাত্র কোচ হিসেবে ক্লপের নাম উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, দায়িত্ব নিতে ক্লপ ‘নিজের আগ্রহের ইঙ্গিত দিয়েছেন।’ তবে আলোচনা চূড়ান্ত হতে সময় লাগবে বলে জানিয়েছেন ক্লপ। কারণ বর্তমানে তিনি রেড বুলের ক্লাব নেটওয়ার্কের গ্লোবাল সকার বিভাগের প্রধান হিসেবে চুক্তিবদ্ধ আছেন।
২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর আর কোচিংয়ে ফেরেননি ক্লপ। সে সময় তিনি বলেছিলেন, আট বছর দায়িত্ব পালনের পর তার শক্তি ফুরিয়ে আসছিল। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘প্রায় দুই বছর আগে আমি লিভারপুলে থেমেছিলাম এবং বলেছিলাম, আরেকটি চাকরি বা লিভারপুলে আরও একটি বছর চালিয়ে যাওয়ার মতো শক্তি আমার নেই। তার পর থেকে আমি শুধু শক্তি ফিরে পাইনি, তার চেয়েও বেশি শক্তি সঞ্চয় করেছি। আমি এখন প্রস্তুত।’
জার্মানির পরবর্তী কোচকে বড় ধরনের পরিবর্তন আনতে হবে বলেও মনে করেন ক্লপ। তার মতে, দলের ভাগ্য বদলাতে হলে ফেডারেশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা প্রয়োজন। টানা তৃতীয় পুরুষ বিশ্বকাপে জার্মানি শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছে। ২০১৪ সালের ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনো ম্যাচ জিততে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নাগেলসমানের পক্ষেও কথা বলেছেন ক্লপ। তার মতে, দলের বর্তমান অবস্থার জন্য সাবেক কোচকে দায়ী করা ঠিক হবে না, ‘জার্মান ফুটবল স্পষ্টতই এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন আমাদের মৌলিকভাবে পরিবর্তন আনতে হবে। শেষ পর্যন্ত সেটা আমি করি বা অন্য কেউ করুক, তাতে এই বাস্তবতা বদলাবে না যে পরিবর্তন জরুরি।’
বিশ্বকাপজুড়ে জার্মান টেলিভিশনের বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লপ। ম্যাচ শেষে মাঠের পাশেই নাগেলসমানের সাক্ষাৎকারও নিয়েছেন তিনি। তবে প্যারাগুয়ের কাছে হারের পরপরই তিনি বলেছিলেন, তখনো জার্মানির কোচ হওয়ার বিষয়টি তিনি ভাবেননি।