সাইনবোর্ড নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সিদ্ধিরগঞ্জ থানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়। এটি রাজধানী ঢাকার প্রবেশপথগুলোর মধ্যে অন্যতম। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-নারায়ণগঞ্জের সংযোগস্থল হলো সাইনবোর্ড। প্রতিদিন অসংখ্য যানবাহন সাইনবোর্ড অতিক্রম করে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। কিন্তু রাস্তা পারাপারের একমাত্র ওভারব্রিজ বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আড়াআড়ি পার হচ্ছে। বিশেষত নারী, শিশু, স্কুলগামী ছাত্রছাত্রী, বয়োবৃদ্ধ এবং রোগীদের পারাপারের জন্য সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সন্ধ্যার পর এই সমস্যা আরও বেশি প্রকট হচ্ছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি হওয়ার ঝুঁকি রয়েছে। এমতাবস্থায় ওভারব্রিজটি দ্রুত সংস্কারপূর্বক জনসাধারণের চলাচলের উপযোগী করে জরুরি ভিত্তিতে খুলে দেওয়া হোক। বিষয়টি জনগুরুত্বপূর্ণ ও জননিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকায় সংশ্লিষ্ট মহলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
মঈনউদ্দীন মুনাওয়ার
কলামিস্ট ও সংবাদ বিশ্লেষক
[email protected]