ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
শালিক পাখি নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন ইতিবাচক বার্তায় ন্যাটো সম্মেলন শেষ করলেন ট্রাম্প জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার ঘোষণা ট্রাম্পের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড়ধস: নিহত ৮ নয়, চূড়ান্ত সংখ্যা ৫ বিপৎসীমা ছাড়াল মাতামুহুরী, হাহাকার প্লাবিত জনপদে দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ রায়পুরায় অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়ালধসে শিশুর মৃত্যু চামড়া খাতে বৈদেশিক মুদ্রা অর্জনে রোডম্যাপ করছে সরকার ইউরোপের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য বজ্রাঘাতে প্রাণহানি কমাতে মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ সংসদে তিন মন্ত্রী অনুপস্থিত থাকায় প্রশ্নোত্তর পর্ব স্থগিত গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, উদ্ধার ১৬, নিখোঁজ ২ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: আজম খান হেয়ার কাট ছাড়াই সুদসহ আমানত ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী মাছের ড্রামে পাচারকালে ৫৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ জাতির পথনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য: ডেপুটি স্পিকার আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ সম্মাননা পাবেন বিজয়ী ৫৭ জন ব্যক্তি–প্রতিষ্ঠান হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গুতে বাড়ছে উদ্বেগ, আরও ৩ জনের মৃত্যু মানি লন্ডারিং মামলায় আ’লীগ নেতা এনু-রুপনের কারাদণ্ড মনোযোগ ও একাগ্রতা ধরে রাখার সুন্নাতি ফর্মুলা কক্সবাজারে পাহাড়ধসে ৪ দিনে ১৯ জনের মৃত্যু জুলাই একদিনে সংঘটিত হয়নি, আবার আওয়ামী লীগের পতনও একদিনে হয়নি : ডা. জাহেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদকের ভয়াবহতা জিরো রিটার্নের গ্যাঁড়াকল ওভারব্রিজ দ্রুত সংস্কার করা হোক ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইউরোপের আধিপত্য চীনে কাঁঠাল রপ্তানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ সম্মাননা পাবেন বিজয়ী ৫৭ জন ব্যক্তি–প্রতিষ্ঠান

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম
আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ সম্মাননা পাবেন বিজয়ী ৫৭ জন ব্যক্তি–প্রতিষ্ঠান
ছবি: খবরের কাগজ

ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লীডারশীপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬-এর বিজয়ী ৫৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জুলাই ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টনে ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের ব্রিস্টো হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইএআইএলসি'র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর বি সি পান্ডে।

কানাডা ভিত্তিক সংস্থা ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশনের (ইউএইচএফ) এই পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে। অ্যাওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে- শিক্ষা, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল গভর্ন্যান্স, করপোরেট নেতৃত্ব, ব্যাংকিং ও আর্থিক খাত, উদ্যোক্তা উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সেবা এবং টেকসই উন্নয়ন।

প্রফেসর বি সি পান্ডে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার দেয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, উন্নয়ন সহযোগী সংস্থা এবং ব্যক্তিগত পর্যায়ের অবদানকে দীর্ঘ গবেষণা ও আন্তর্জাতিক মূল্যায়নের মাধ্যমে যাচাই প্রক্রিয়ায় বিজয়ীদের চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, বিজয়ীদের পর্যায়ক্রমে অফিশিয়াল কনফার্মেশন লেটার, ইনভিটেশন লেটার এবং ভিআইপি ডেলিগেট ইনভিটেশন পাঠানো হবে। এছাড়া তারা নির্ধারিত আন্তর্জাতিক অনুষ্ঠানে মেডেল, ক্রেস্ট, অফিশিয়াল রিকগনিশন সার্টিফিকেট এবং ইন্টারন্যাশনাল সিপিডি ডুয়াল সার্টিফিকেশন নেওয়ার সুযোগ পাবেন। এ সম্মাননা গ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি বা প্রশাসনিক ফি প্রযোজ্য হবে না।

সংবাদ সম্মেলনে ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশনের (ইউএইচএফ) আসিয়ান আঞ্চলিক উপদেষ্টা ও বাংলাদেশ অ্যাম্বাসেডর শচীন্দ্র নাথ হালদার বলেন, ঘোষিত ৫৭টি বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে উদ্ভাবন, নেতৃত্ব, গবেষণা এবং মানবকল্যাণে যে অসামান্য অবদান রেখেছেন, সেটি বিশ্বমঞ্চে তুলে ধরবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ দায়িত্বশীল প্রযুক্তি, নৈতিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

আয়োজকরা জানান, আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬ কোনো বাণিজ্যিক বা স্পন্সরনির্ভর পুরস্কার নয়। এ সম্মাননা দেওয়ার ক্ষেত্রে কোনো ‘পেইড নোমিনেশন’, ‘স্পন্সরশিপ’, ‘লবিং’ কিংবা ‘অ্যাডভার্টাইজিং পারচেজ’ বিবেচনা করা হয় না। সম্পূর্ণ গবেষণা, প্রমাণ, যোগ্যতা এবং বাস্তব অবদানের ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, এআই ও সাইবার সিকিউরিটি উদ্যোগ, নেতৃত্ব উন্নয়ন, নীতিনির্ধারণ সংলাপ এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে একটি শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করবে আইএআইএলসি।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন– ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম আসিয়ান চ্যাপ্টারের উপদেষ্টা মো. মিজানুর রহমান, সঞ্জিত বাড়ৈ, অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল, উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিডার এবং ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম আসিয়ান চ্যাপ্টারের উপদেষ্টা অন্তু করীম, ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম সদর দপ্তর ও কানাডার হাই-টেক কো-অর্ডিনেটর আদিতা হক।

শেখ জাহাঙ্গীর/এএফ

জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম
জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার
আসামি জয় হোসেন। ছবি: খবরের কাগজ

জামালপুরে ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত জয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মেষ্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয় হোসেন উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামের বাসিন্দা। 

রবিবার (৫ জুলাই) রাতে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে এই ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির মা বলেন, রবিবার বাড়িতে কেউ না থাকায় রাত ১০টার দিকে মেয়েটি বাড়ির গেটে তালা দিতে যায়। এ সময় আগে থেকে সেখানে উপস্থিত থাকা অভিযুক্ত জয় তাকে টেনে হিঁচড়ে পাশের ঈদগাহ মাঠে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। বর্তমানে সে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নূর মোহাম্মদ জানান, শিশুটির মা একটি মামলা করেছেন। সন্ধ্যায় মেষ্টা এলাকা থেকে আসামি জয়কে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।

আসমাউল/এএফ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড়ধস: নিহত ৮ নয়, চূড়ান্ত সংখ্যা ৫

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড়ধস: নিহত ৮ নয়, চূড়ান্ত সংখ্যা ৫
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে একটি মাদরাসা ও হিফজখানার ওপর পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির অবসান ঘটেছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ৮ জন নিহত হওয়ার তথ্য জানায়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে পরে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য যাচাই শেষে চূড়ান্তভাবে নিহতের সংখ্যা ৫ জন বলে নিশ্চিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক এ-৩ এলাকায় অবস্থিত খদিজাতুল কুবরা মহিলা মাদরাসা ও হিফজখানায় এ দুর্ঘটনা ঘটে।

কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মোহাম্মদ আব্দুর রউফ খবরের কাগজকে বলেন, “দুর্ঘটনার পর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। সে সময় বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ৮ জন নিহত হওয়ার তথ্য পেয়েছিলাম এবং সেটিই সংশ্লিষ্টদের জানানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তথ্য যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, এ ঘটনায় চূড়ান্তভাবে ৫ জনের মৃত্যু হয়েছে। আগের সংখ্যাটি সংশোধন করে এ তথ্যই সঠিক হিসেবে গণ্য করতে হবে।”

নিহতরা হলেন, ক্যাম্প-৩-এর জি/৮৩ ব্লকের বাসিন্দা শাহিদা (১৩), ক্যাম্প-৩-এর এফ/১ ব্লকের বাসিন্দা উম্মে নেজাতুল (১৩) ও উম্মে সালমা (১২), ক্যাম্প-৫-এর এ/৮ ব্লকের বাসিন্দা ওমাইচা বিবি (১৩) এবং ক্যাম্প-৫-এর এ/১১ ব্লকের বাসিন্দা রাশিদা (১৬)।

আহতরা হলেন, ক্যাম্প-৩-এর এফ/৭৫ ব্লকের বাসিন্দা আসরা (৯), ক্যাম্প-৩-এর এফ/১ ব্লকের বাসিন্দা বেগম জান (১৫), ক্যাম্প-৫-এর এ/৭ ব্লকের বাসিন্দা ফারেসা বিবি (১২), ক্যাম্প-৩-এর জি/৮৩ ব্লকের বাসিন্দা জান্নাত আরা বিবি (৮), ক্যাম্প-৩-এর এফ/৬৬ ব্লকের বাসিন্দা নূর ফাতেমা (১০), ক্যাম্প-৫-এর এ/২ ব্লকের বাসিন্দা নুর সেহেরা (১২), ক্যাম্প-৫-এর এ/২ ব্লকের বাসিন্দা আব্দুল মোনাফ (১৭) এবং ক্যাম্প-৩-এর এফ/৭৫ ব্লকের বাসিন্দা নূর কায়েস (১০)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, দুর্ঘটনার সময় মাদরাসায় শিক্ষা কার্যক্রম চলছিল। পাহাড়ধসে হতাহতদের সবাই শিক্ষার্থী। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় রোহিঙ্গা যুবক মো. ইদ্রিস জানান, দুর্ঘটনার সময় মাদরাসায় ৩০ থেকে ৫০ জনের বেশি ছাত্রী কোরআন শিক্ষা নিচ্ছিল। পাহাড়ের একটি বড় অংশ ধসে ভবনের ওপর পড়ে গেলে কয়েকজন ছাত্রী বেরিয়ে আসতে পারলেও অনেকে কাদা ও মাটির নিচে চাপা পড়ে।

তরুণ রোহিঙ্গা ফটোগ্রাফার ইয়াসিন আব্দু মোনাব বলেন, স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দলের সম্মিলিত প্রচেষ্টায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দীর্ঘ সময় অভিযান চালানো হয়।

এর আগে গত রবিবার রাতে উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় ৮ রোহিঙ্গার মৃত্যু হয়েছিল।

কক্সবাজারে গত চার দিনে ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতি এবং পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ৪ জন স্থানীয় নাগরিক।

বুধবার (৮ জুলাই) বিকেলে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, গত চার দিনের বৃষ্টিপাতের পরিমাণ, রবিবার ২৪০ মিলিমিটার, সোমবার ১২৯ মিলিমিটার, মঙ্গলবার ৬৯ মিলিমিটার এবং বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে চার দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩০ মিলিমিটার।

তিনি বলেন, “আরও ২ থেকে ৩ দিন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”

তারেকুর রহমান/নাঈম

বিপৎসীমা ছাড়াল মাতামুহুরী, হাহাকার প্লাবিত জনপদে

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম
বিপৎসীমা ছাড়াল মাতামুহুরী, হাহাকার প্লাবিত জনপদে
ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাতামুহুরী নদীর পানি তীব্র গতিতে বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করায় উপজেলার অন্তত ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে চকরিয়ার বিস্তীর্ণ ফসলি জমি, আমনের বীজতলা ও গ্রামীণ রাস্তাঘাট।

বুধবার (৮ জুলাই) সকালের দিকে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫ দশমিক ৩ মিটার, যা বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে ছিল। তবে দুপুরের পর বৃষ্টি ও ঢলের তীব্রতা বাড়ায় পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করতে শুরু করে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, মাতামুহুরী নদীর চিরিংগা সেতু পয়েন্টে পানির বিপৎসীমা ৫ দশমিক ৮ মিটার। 
এদিকে, মাতামুহুরীর উজানে বান্দরবানের লামা শহর পয়েন্টে নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা এই বিপুল পরিমাণ ঢলের পানি চকরিয়া হয়ে বঙ্গোপসাগরে নামার পথে তীব্র স্রোতের সৃষ্টি করেছে, যা চকরিয়ার বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত দেড় দশকে চকরিয়ায় এমন ভয়াবহ ও টানা বৃষ্টিপাত দেখা যায়নি। হঠাৎ ধেয়ে আসা পাহাড়ি ঢলে নিমিষেই তলিয়ে গেছে জনপদ।

কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদ হোছাইন বলেন,গত ১৫ বছরে এই রকম টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল আমরা দেখিনি। ইউনিয়নের সিংহভাগ এলাকা এখন পানির নিচে। ঘরবাড়ি ছেড়ে মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছে। নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে চকরিয়াবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
একই ধরনের তথ্য দিয়ে কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি গ্রামের বাসিন্দা রশিদুল আমিন জানান, ভোর ৫টা থেকেই চকরিয়ায় বিরতিহীন বৃষ্টি হচ্ছে। সরকারি হিসাবের চেয়েও বাস্তব ক্ষেত্রে নদীর পানি অনেক ওপর দিয়ে প্রবাহিত হয়ে লোকালয় ও ঘরবাড়িতে ঢুকে পড়ছে।

উপজেলা প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ি ঢলের পানিতে চকরিয়ার বরইতলী, ফাঁসিয়াখালী, কৈয়ারবিল, কাকারা, লক্ষ্যারচর, সুরাজপুর-মানিকপুর, হারাবং, খুটাখালী, চিরিংগা, ডুলাহাজারা এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাহারবিল, পূর্ব বড় ভেওলা, ঢেমুশিয়া, ভেওলা মানিকচর, পশ্চিম ভেওলা ও বদরখালী ইউনিয়নসহ অন্তত ৬০টি গ্রাম এখন প্লাবিত। পানি বৃদ্ধির কারণে বেশ কিছু গ্রামীণ সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্গতদের সহায়তায় চকরিয়া উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার দৈনিক খবরের কাগজকে বলেন, টানা বৃষ্টির কারণে মাতামুহুরী নদীতে পানি বাড়ছে এবং প্রতি মুহূর্তেই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানিয়েছেন, মাতামুহুরী নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের অংশগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা রয়েছে। বেড়িবাঁধের কোনো অংশ যাতে ভেঙে না যায়, সে জন্য পাউবোর মাঠপর্যায়ের কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

রাজু দাশ/এসএন

রায়পুরায় অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়ালধসে শিশুর মৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম
রায়পুরায় অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়ালধসে শিশুর মৃত্যু
নিহত শিশু তানঝুমা আক্তার ও তার বাবা আপেল মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় বাড়ির পাশে থাকা চালবিহীন একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম জানান, মাটির ঘরের দেয়ালধসে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ রাতেই নিহত শিশু তানঝুমার দাফন সম্পন্ন করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাওন/নাঈম

বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, উদ্ধার ১৬, নিখোঁজ ২

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম
বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, উদ্ধার ১৬, নিখোঁজ ২
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮ জন জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন জেলেকে জীবিত উদ্বার করা সম্ভব হলেও এখনও ২ জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে এই দূর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- কালাম পাইকার, শহীদ। তারা দুজনেই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।

উদ্বার হওয়া জেলেরা হলেন- খলিল মাষ্টার, রিদয় জোমাদ্দার, দুলাল, ইমরান, ফারুক, আল-আমিন, মনির, আশরাফুল, জামাল, ইমরান, শামিম, নাসির, সাগর, আছিফ, নাসির, নুরুজ্জামান। তারা সবাই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।

উদ্বার হওয়া জেলেরা জানায়, মঙ্গলবার সকালে তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দুটি মাছ ধরার ট্রলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে তপন জোমাদ্দারের মালিকানাধীন ট্রলারে ১৩ জন এবং আলমগীর খলিফার মালিকানাধীন ট্রলারে ৫ জন জেলে ছিলেন। রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলার দুটি দুর্ঘটনার শিকার হয়। ঢেউয়ের তোড়ে আলমগীর খলিফার মালিকানাধীন ট্রলারটি ডুবে গেলে ওই ট্রলারেরা জেলেরা জীবন বাঁচাতে তপন জোমাদ্দারের ট্রলারে গিয়ে উঠেন। কিন্তু একপর্যায়ে প্রচণ্ড ঢেউয়ে দ্বিতীয় ট্রলারটিও ডুবে গেলে জেলেরা সাগরে ভাসতে থাকেন। পরে রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে পটুয়াখালী জেলার মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তবে বাকি ২ জনের এখনও কোনো সন্ধান মেলেনি। এদিকে নিখোঁজ স্বজনদের অপেক্ষায় উপকূলের পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম।

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, গতকাল ১৮ জন জেলেসহ দুটি ট্রলার সাগরে ডুবে যায়। আজ সকালে ১৬ জন জেলেকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাদের পটুয়াখালীর মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অন্য ২ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। প্রশাসনের পাশাপাশি আমাদের সমিতির পক্ষ থেকেও নিখোঁজ জেলেদের উদ্ধারে সর্বোচ্চ উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

তালতলী কোষ্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম বলেন, বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য আমরা এখনও অভিযান শুরু করতে পারিনি। কারণ সাগর উত্তল রয়েছে। আবহাওয়া ভালো হলেই উদ্ধার অভিযানে বের হব। আমাদের জানানো হয়েছে গতকাল ১৮ জন জেলে নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ১৮ জেলেই নিখোঁজ রয়েছেন আমাদের কাছে এই তথ্য আছে। জেলে উদ্ধার হয়েছে কিনা এই ধরনের কোন তথ্য আমাদের কাছে নেই।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে কোষ্টগার্ড এবং নৌ পুলিশকে অবহিত করেছি। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ১৬ জন জেলের চিকিৎসার বিষয়ে আমরা পটুয়াখালীর মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের খোঁজখবর নিচ্ছি।

মহিউদ্দিন অপু/এসএন