মুখের মিষ্টি কথায় পটে গিয়ে কারোর ওপর ভরসা করলেন, আর শেষ মুহূর্তে জানলেন মানুষটি আসলে আপনার চরম ক্ষতি করার ছক কষছিল–এমন অভিজ্ঞতার মুখোমুখি আমরা কম-বেশি সবাই হয়েছি। বিশ্বাসঘাতকতার এই ক্ষত সহজে শুকায় না। আমাদের প্রাত্যহিক জীবনে যেমন এমন ‘কপট’ মানুষের আনাগোনা থাকে, তেমনি দীনের জগতেও একদল চরম ক্ষতিকর মানুষের অস্তিত্ব রয়েছে, যাদের পবিত্র কোরআনে ‘মোনাফিক’ বা কপট বলা হয়েছে। ইমানের ভেক ধরে থাকা এই মানুষগুলো মুসলিম সমাজের জন্য প্রকাশ্য শত্রুর চেয়েও বিপজ্জনক।
ইসলামি শরিয়ত ও ওহির আলোতে মোনাফিকদের চেনার সুনির্দিষ্ট কিছু আলামত ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য তুলে ধরা হলো:
১. কথার ধরন ও বাহ্যিক অবয়ব
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে লক্ষ্য করে বলেছেন, তিনি চাইলে মোনাফিকদের চেহারা দেখিয়ে দিতে পারতেন। তবে বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন, তুমি অবশ্যই তাদের কথার ভঙ্গি ও ধরন দেখে তাদের চিনতে পারবে। (সুরা মুহাম্মাদ, ৩০)। এদের বাহ্যিক অবয়ব ও কথা হয়তো খুব আকর্ষণীয় ও মুগ্ধকর হতে পারে, কিন্তু ভেতর থেকে এরা সম্পূর্ণ অন্তঃসারশূন্য। কোরআন এদের দেয়ালে ঠেস দেওয়া কাঠের সঙ্গে তুলনা করেছে (সুরা মুনাফিকুন, ৪)।
২. ইবাদতে চরম অবহেলা ও রিয়া
মুনাফিকদের আরেকটি বড় লক্ষণ হলো লোক দেখানো ইবাদত। হযরত আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বলেন, সাহাবিদের যুগে কেবল নিশ্চিত মোনাফিক কিংবা গুরুতর অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ জামা‘আতে সালাত ত্যাগ করত না (জামা‘আতে সালাত আদায়)। এ ছাড়া যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য বা ‘রিয়া’র উদ্দেশ্যে ইবাদত করত, কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে সিজদা করতে পারবে না; তাদের মেরুদণ্ড কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে (মিশকাতুল মাসাবিহ, ৫৫৭৯)।
৩. ষড়যন্ত্র, অপবাদ ও খেয়ানত
মুসলিম সমাজে বিশৃঙ্খলা তৈরি এবং সচ্চরিত্রবান মুমিনদের নামে মিথ্যা অপবাদ রটানো মোনাফিকদের মজ্জাগত স্বভাব, যেমনটি তারা উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর ক্ষেত্রে করেছিল (সুরা আন-নূর, ২৪:১১)। পাশাপাশি, তারা সর্বদা আমানতের খেয়ানত করে এবং সমাজে অন্যায়ভাবে খেয়ানতকারীদের পক্ষ অবলম্বন করে (সুরা আন-নিসা, ১০৫)।
মোনাফিকরা সব সময় এক ধরনের মনস্তাত্ত্বিক ভয়ে (Paranoia) ভোগে যে, যেকোনো শোরগোল বুঝি তাদের বিরুদ্ধেই যাচ্ছে। তাই সমাজে সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং নিজের ইমান রক্ষা করতে এই কপট চরিত্রগুলো চিনে রাখা এবং তাদের থেকে দূরে থাকা প্রতিটি মুমিনের দায়িত্ব।
লেখক: আলেম ও সাংবাদিক