বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়া বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
পরে বন্যা পরিস্থিতির অবনতি হলে জেলা প্রশাসকদের প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা অর্থাৎ চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
মঙ্গলবার মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।
এদিকে গত চার দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের জনজীবন। কর্মজীবী মানুষের পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ ও ব্যবসায়ীরা। পানি প্রবেশ করায় ঘরের আসবাবপত্র ও দোকানের মালামাল ক্ষতি হয়েছে অনেকের।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে পাহাড় থেকে লোকজনকে সরে যেতে জনসচেতনতামূলক মাইকিং করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও সিটি করপোরেশন প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেছে। তাছাড়া সিটি করপোরেশন ও রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদের সহযোগিতায় ১০১ সদস্যের র্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। এ কমিটিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদকে সদস্যসচিব করা হয়েছে। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এই র্যাপিড রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে মাঠে কাজ করবে।
এ সময় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নগরবাসীকে যেকোনো জরুরি সহযোগিতার জন্য ০১৮০৫-৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
থিওটোনিয়াস/অমিয়/