রাজধানীর মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া-সংলগ্ন মুন্সি বাড়ি রোডে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি ছুড়ে পালানোর সময় অস্ত্রসহ এক যুবককে স্থানীয়রা আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশী সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সি বাড়ি রোডে নিজের অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন সাইফুল। এ সময় জাকির হোসেন শান্তর নেতৃত্বে চার থেকে পাঁচজন এলোপাতাড়ি গুলি চালায়। এতে সাইফুলের কোমর ও দুই পায়ে গুলি লাগে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে এক যুবককে আটক করেন। তার কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়। পরে তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ সাইফুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
শেখ জাহাঙ্গীর/রিফাত/