মিসর ও আর্জেন্টিনার ম্যাচে বিতর্কিত ভিএআর সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন সাবেক বিশ্বকাপ রেফারি ফার্নান্দো গুয়েরেরো। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ভিএআর দলের সদস্য থাকা এই মেক্সিকান রেফারি দাবি করেছেন, ঘটনাটিতে মাঠের রেফারি ও ভিএআর-দুই পক্ষের সিদ্ধান্তেই ভুল ছিল।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিশ্লেষণে গুয়েরেরো বলেন, আর্জেন্টিনার ডিফেন্ডারের বিরুদ্ধে যে ফাউলের অভিযোগে মিসরের গোলের মুহূর্তটি পর্যালোচনা করা হয়েছে, সেখানে আসলে কোনো ফাউলই ছিল না।
তিনি আরও ব্যাখ্যা করেন, ধরেও নেওয়া হয় যে সেখানে ফাউল হয়েছিল, তবুও ভিএআর প্রোটোকল অনুযায়ী ওই আক্রমণ পর্যালোচনার আওতায় পড়ার কথা নয়। কারণ ‘অ্যাটাকিং পজিশন ফেজ’ তৈরির পর্যায়ের নিয়ম অনুযায়ী, গোলের আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছে বল পুনরুদ্ধারের যথেষ্ট সুযোগ ছিল।
গুয়েরোর মতে, ওই সময়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের সামনে পর্যাপ্ত জায়গা, সময় এবং প্রতিপক্ষকে থামানোর সুযোগ ছিল। এমনকি বল ফিরে পাওয়ার জন্য তারা একাধিকবার সুযোগও পেয়েছিল। তাই ঘটনাটিকে গোলের বৈধতা বাতিলের মতো পরিষ্কার ভিএআর হস্তক্ষেপের বিষয় হিসেবে বিবেচনা করা ঠিক হয়নি।
সাবেক এই বিশ্বকাপ রেফারির মন্তব্য অনুযায়ী, ভিএআর ব্যবহারের মূল উদ্দেশ্য হলো স্পষ্ট ও গুরুতর ভুল সংশোধন করা। কিন্তু যেখানে বল হারানো দল পুনরায় বল দখলে নেওয়ার বাস্তব সুযোগ পায়, সেখানে আগের ঘটনাকে টেনে এনে গোল বাতিল করা ভিএআর নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।সূত্র: আহরাম অনলাইন
পাপ্পু/রিফাত/