ঠাস ঠাস বিকট শব্দে একের পর এক গুলি ছোড়া হচ্ছে। পিস্তল থেকে পাশে ছিটকে পড়ে অন্তত পাঁচটি গুলির খোসা। ভিডিওর পরের দৃশ্যেই দেখানো হয়, একটি বিছানার চাদরের ওপর রাখা আছে একটি পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি এবং গুলির খোসা।
পাশাপাশি একটি কারখানাসদৃশ কক্ষ ঘুরিয়ে দেখিয়ে পিস্তল তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এবং ফ্রেম (ডায়াস) প্রদর্শন করা হয়। এ সময় ভিডিওতে বলা হয়– “যারা নিতে চান, হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলেই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ‘মাল’ (অস্ত্র) পৌঁছে দেওয়া হবে। কোনো ঝামেলা হবে না!”
রবিবার (৫ জুলাই) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ভিডিওটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
এর পরে সাবেক সেনা কর্মকর্তা ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) খায়রুল ইসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় অনলাইনের অস্ত্র কেনাবেচার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাজধানীর ভাটারা থানার হেফাজতে রাখা তার ব্যক্তিগত লাইসেন্স করা একটি বৈধ অস্ত্র গায়েব (লুট) হয়, কিন্তু এখনো সেই অস্ত্রের কোনো হদিস পাননি। ফলে লুট হওয়া পুলিশের সরকারি অস্ত্র-গোলাবারুদের সঙ্গে বেসরকারি পর্যায়ের লাইসেন্স করা অস্ত্র-গুলি কাদের হাতে রয়েছে, সেটি বড় প্রশ্ন। লুট হওয়া ওই সব আগ্নেয়াস্ত্র-গুলিই কী ‘অনলাইন ও অফলাইনে’ কেনাবেচা হচ্ছে? নাকি সন্ত্রাসমূলক কাজে ব্যবহার হচ্ছে? এভাবে চলতে থাকলে সামনে খুব খারাপ পরিণতি দেখতে হবে। তাই দলমত নির্বিশেষে অস্ত্র উদ্ধার অভিযান চালানোর আহ্বান জানান সাবেক এই সেনা কর্মকর্তা।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে আরও জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গোপনীয় গ্রুপে বা প্রকাশ্য পেজেও আগ্নেয়াস্ত্র-গুলি কেনাবেচায় এক ধরনের তৎপরতা চলছে অনেক দিন ধরেই। তবে সেগুলো অধিকাংশই প্রতিবেশী দেশে বা অন্য দেশে বসে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে দেশের ভেতরেও এই ধরনের প্রবণতা লক্ষ করছেন অপরাধ বিশ্লেষকরা।
অন্যদিকে ‘মেটাল বডির’ হুবহু নকল পিস্তল-রিভলবারও বিক্রি হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের দোকানে। অনেক সময় সেগুলোকে খেলনা পিস্তল হিসেবে প্রদর্শন করে বিভিন্ন দামসহ ফেসবুকে বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে। কিন্তু এই ‘খেলনার’ আড়ালে মূলত প্রকৃত (অরিজিনাল) পিস্তল বেচাকেনা হচ্ছে কি না, সেই বিষয়ে তেমন নজরদারি নেই বললেই চলে। এ ছাড়া ইদানীং কক্সবাজারসহ দেশের কিছু সীমান্ত এলাকায় অনলাইন যোগাযোগে অস্ত্র কেনাবেচার কিছু অপতৎপরতার খবরও শোনা যাচ্ছে। ফলে থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ এবং সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র– এসব মিলে আগামী দিনগুলোয় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অপরাধ বিশেষজ্ঞরা।
পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও স্থাপনায় হামলা চালিয়ে পুলিশের ৫ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে গতকাল পর্যন্ত ৪ হাজার ৪৪৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো ১ হাজার ৩১৮টি আগ্নেয়াস্ত্রের কোনো হদিস জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এসব মারণাস্ত্র কার হাতে বা কোথায় আছে, সেটিও অজানা। উদ্ধার না হওয়া এসব অস্ত্রের মধ্যে রয়েছে- চায়নিজ রাইফেল, চায়নিজ সাব-মেশিনগান (এসএমজি), দুই শতাধিক চায়নিজ পিস্তল, চার শতাধিক (৯ x ১৯ মিমি) বোরের পিস্তল, ১২ বোরের বহু শটগান এবং এলএমজিসহ বিভিন্ন ধরনের অস্ত্র। এ ছাড়া ওই সময়ে লুট করা হয় বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৬ লাখ ৫২ হাজার ৮টি গুলি, যার মধ্যে উদ্ধার হয়েছে ৪ লাখ ৯ হাজার ৮টি। এখনো অন্তত ২ লাখ ৪৩ হাজার গুলির হদিস নেই। পুলিশের লুট হওয়া অস্ত্র-গোলাবারুদের মাঝেই অবৈধ আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে ব্যাপকহারে।
লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকারের অভিযান ফলপ্রসূ ছিল না বলে মন্তব্য করেছেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। গতকাল তিনি খবরের কাগজকে বলেন, পেশাদার সন্ত্রাসী, উগ্রবাদী ও রাজনৈতিক ক্যাডার– এই তিন শ্রেণির হাতে লুট হওয়া সব অস্ত্র-গোলাবারুদ থাকতে পারে বলে ধারণা করছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এসব অস্ত্র উদ্ধারে অভিযান চালালেও সেটি ফলপ্রসূ ছিল না। আবার বর্তমান সরকারও এ নিয়ে দৃশ্যমান অভিযান চালায়নি, বা সেভাবে অনুভব করতে পারছি না। প্রায় ২ বছর হয়ে গেল, অনেকটা সময় চলে গেছে, এই অবস্থায় আন্তরিকভাবে সম্মিলিত অভিযান চালানোর কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে নির্মোহভাবে অস্ত্র উদ্ধার অভিযানে নামতে হবে। পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযান দৃশ্যমান করতে হবে।
একই প্রসঙ্গে অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেছেন, ‘সরকারি বাহিনী বা সংস্থার সদস্যদের বাইরে যে কারও হাতে আগ্নেয়াস্ত্র থাকা মানেই সেটি সমাজের সাধারণ মানুষের জন্য ভীতিকর বা আতঙ্কের বিষয়। আমরা বিভিন্নস্থানে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও মহড়া দেখতে পাচ্ছি। কিন্তু সে অনুসারে অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চোখে পড়ছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে যেকোনো মূল্যে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হতে হবে।’
এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) এ এইচ এম শাহাদাত হোসাইন খবরের কাগজকে বলেন, গত ১ মে থেকে সারা দেশে মাদক ও অস্ত্রবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই বিশেষ অভিযানে গত সোমবার পর্যন্ত মোট ২২৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময়ে ২ হাজার ২৩৯ রাউন্ড গুলি, ৮৩টি ম্যাগাজিন, ৩৭টি হাতবোমা ও ২ হাজার ২০০ কেজি গানপাউডার উদ্ধার করা হয়।
এআইজি শাহাদাত হোসাইন বলেন, অবৈধ অস্ত্রের পাশাপাশি পুলিশের লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারেও সব ইউনিটকে নির্দেশ দেওয়া রয়েছে। যদিও এখনো লুট হওয়া ১ হাজার ৩১৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ এই বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।