ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
পাহাড় উজাড় ও বিরূপ আবহাওয়ায় সংকটে আলীকদমের মৌচাষিরা ভারী বর্ষণে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাহুবলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০ মিসরের গোল বাতিলে যা বললেন সাবেক রেফারি মানবপাচার রোধে বাংলাদেশ-ভিয়েতনাম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক ভিএআর সমালোচনায় সাবেক ফুটবলার, কোচ ও বিশ্লেষক পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু টুয়েলভ ক্লদিংয়ে চলছে ইনস্ট্যান্ট ভাউচার হুমকিতে সিরিয়া, ম্যাক্রোঁর দামেস্ক সফরকালীন হামলার নেপথ্যে কারা? ইরানে নতুন করে হামলা জরুরি ছিল: ন্যাটোপ্রধান মিসরীয় কোচের ফিফার বর্ণবাদ-বিরোধী অঙ্গভঙ্গি ভারতে পাচারের শিকারদের জন্য বেনাপোলে চালু হলো হাফওয়ে শেল্টার হোম মেসির পেনাল্টি আটকে দেওয়া কে এই গোলরক্ষক? ৮ জুলাই মুদ্রা বাজার: বেড়েছে কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপির দাম কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে সংঘর্ষ, ব্রাজিল সমর্থক নিহত বিশ্বকাপ বিতর্ক: কে এই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার? দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক মার্কিন-ইরান সংঘাতে আফ্রিকার ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে পরিবর্তনের হাওয়া পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পে শতাধিক গাছের চারা কর্তন, শাস্তি দাবি কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: বেড়েছে বিদ্যুৎ উৎপাদন রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শংকা কোয়ার্টার ফাইনালের কার প্রতিপক্ষ কে? আইশোস্পিডকে বর্ণবাদী আচরণের অভিযোগ, তদন্তে ফিফা ভারতে সাজাভোগ শেষে ফেরত আসলেন ১০ বাংলাদেশি ভারী বর্ষণে ও জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল, অক্টোবরে শুরু ইউপি নির্বাচন: ডা. জাহেদ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:১৬ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল, অক্টোবরে শুরু ইউপি নির্বাচন: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ প্রণয়ন করছে। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।’

ইসির তথ্য তুলে ধরে তিনি জানান, ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার সুবিধার্থে সারা দেশকে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে–হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল। হাওর ও উত্তর-পূর্বাঞ্চলে ইউপি নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু হবে।’

জাহেদ উর রহমান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, এ নিয়ে নানা আলোচনা ছিল। তবে সরকার বলে আসছে, এ বছরের মধ্যেই নির্বাচন শুরু হবে। আবহাওয়া বিবেচনায় শুষ্ক ও শীত মৌসুমে বেশিসংখ্যক নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’ তার মতে, ‘অক্টোবরে নির্বাচন শুরু করা গেলে ২০২৭ সালের অক্টোবরের মধ্যে সব ধাপের নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।’

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটূক্তিকে দুঃখজনক উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘বিদ্যমান আইনে এটি বর্তমানে ফৌজদারি অপরাধ নয়। ভবিষ্যতে এ ধরনের মন্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা চেহারা দেখাতে কুণ্ঠাবোধ করেন। আমার ধারণা, পরাজিত ও বিধ্বস্ত চেহারা দেখাতে তিনি চান না। কিন্তু অডিওবার্তায় তিনি নানা নির্দেশনা ও বক্তব্য দিয়ে যাচ্ছেন। মিডিয়ায় প্রচারের নিষেধাজ্ঞা থাকলেও সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। টাকা আছে, তাই টাকা খরচ করে নানা কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘টাকা দিয়ে কিছু লোককে ব্যবহার করা সম্ভব। কিন্তু এভাবে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করা সম্ভব নয়। কিছু চোর-ডাকাত ও দুর্বৃত্তকে টাকা দিয়ে ব্যবহার করা গেলেও তাদের আহ্বানে দেশে কোনো সাড়া মেলেনি, ভবিষ্যতেও মিলবে না বলে আমি বিশ্বাস করি।’

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে বলেন, ‘তাদের অনেকেই বিভিন্ন মামলার আসামি। কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, আবার কেউ কেউ সাজাপ্রাপ্ত। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে নিয়মিতভাবে উত্থাপন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এক বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বুলেটিনে আরও বলা হয়, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ৩ নম্বর) বহাল রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রিফাত/

মানবপাচার রোধে বাংলাদেশ-ভিয়েতনাম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
মানবপাচার রোধে বাংলাদেশ-ভিয়েতনাম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
ছবি: সংগৃৃহীত

মানবপাচার ঠেকাতে  বাংলাদেশ ও ভিয়েতনামের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভিয়েতনামের পক্ষে নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং।

বুধবার (৮ জুলাই)) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বৈঠকে উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।

গত জানুয়ারিতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ১৪তম জাতীয় কংগ্রেস সফলভাবে সম্পন্ন হওয়া এবং আগামী পাঁচ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় বৈঠকের শুরুতে ভিয়েতনাম সরকারকে আন্তরিক অভিনন্দন জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক স্তরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ককে আরও গতিশীল করতে আগ্রহী।

১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভিয়েতনামের সঙ্গেতার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও বহুমুখী অংশীদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। 

সাম্প্রতিক বছরগুলোতে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভিসা জটিলতা এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন বিষয়ে ভিয়েতনাম সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।

তিনি বাংলাদেশের প্রকৃত পর্যটক, ব্যবসায়ী, বৈধ কর্মজীবী এবং পারিবারিক ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও শিথিলকরণের অনুরোধ জানান।

আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ’মানবপাচার, মাদক চোরাচালান ও আন্তঃদেশীয় অপরাধ দমনে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার করা প্রয়োজন।’

ইতোমধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে 'প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট' (পিটিএ) স্বাক্ষরিত হবে। এতে দ্রুতই বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমতি দেওয়ায় ভিয়েতনাম সরকারকে ধন্যবাদ জানান। আন্তর্জাতিক মানের বাংলাদেশি ওষুধ সাশ্রয়ী মূল্যে আমদানির অনুরোধ করেন। 

একই সঙ্গে বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশের সুবিধা নিয়ে ভিয়েতনামের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 

সালাহউদ্দিন আহমদ আসিয়ানে বাংলাদেশের 'সেক্টরাল ডায়ালগ পার্টনার'  হওয়া এবং আরসিইপি-এর সদস্যপদ প্রাপ্তিতে ভিয়েতনামের জোরালো সমর্থন প্রত্যাশা করেন।

ভিয়েতনাম বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেয়। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করে।

খাদিজা রুমি/

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৪০ এএম
কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই লেকে টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায়, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যণীয়ভাবে বাড়ছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পানির স্বল্পতা কাটিয়ে অবশেষে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট একযোগে চালু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট চালু হওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৪৪ মেগাওয়াটে পৌঁছেছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, ‘গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানির লেভেল সন্তোষজনক হারে বাড়ছে। পানির ওপর সম্পূর্ণ নির্ভরশীল এই কেন্দ্রের উৎপাদন সচল রাখতে আমরা মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৫টি ইউনিটই এক সঙ্গে চালু করতে সক্ষম হয়েছি।’

এদিকে কেন্দ্রের কন্ট্রোলরুমে দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৭৯ দশমিক ৮৬ ফুট এমএসএল (মিন সি লেভেল)। যদিও রুলকার্ভ (পানির পরিমাপক নির্দেশিকা) অনুযায়ী বছরের এই সময়ে লেকে পানি থাকার কথা ৮৪ দশমিক ৯৬ ফুট এমএসএল। অর্থাৎ, রুলকার্ভের চেয়ে এখনও কিছুটা কম পানি থাকলেও বর্তমান প্রবাহ উৎপাদন সচল রাখার জন্য পর্যাপ্ত।

কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, চালু হওয়া ৫টি ইউনিট থেকে বর্তমানে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর মধ্যে ইউনিটভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের চিত্র- ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটি ইউনিট থেকে ৩২ মেগাওয়াট করে মোট ৬৪ মেগাওয়াট। ৩ নম্বর ইউনিট ইউনিট থেকে উৎপাদিত হচ্ছে ৩০ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটের প্রতিটি ইউনিট থেকে ২৫ মেগাওয়াট করে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

উল্লেখ্য, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের এই ৫টি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বা ইনস্টলড ক্যাপাসিটি হলো ২৪২ মেগাওয়াট (পিক আওয়ারে যা ২৪০ মেগাওয়াট পর্যন্ত ধরা হয়)। পানির স্তর আরও বাড়লে উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

প্রকৌশলীরা আরও জানান, তীব্র খরা ও লেকের পানি আশঙ্কাজনকহারে কমে যাওয়ার কারণে বিগত কয়েক মাস ধরে এখানে চরম বিদ্যুৎ বিপর্যয় চলছিল। বাধ্য হয়ে কখনো ১টি বা সর্বোচ্চ ২টি ইউনিট চালু রেখে নামমাত্র বিদ্যুৎ উৎপাদন সচল রাখা হয়েছিল। তবে বৃষ্টির সুবাদে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটে। গত ৬ জুলাই ৩টি ইউনিট এবং গতকাল মঙ্গলবার রাতে ৫টি ইউনিটই ধাপে ধাপে চালু করা হয়।

কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে ১০৮ ফুট এমএসএল। পাহাড়ি ঢলের এই ধারা অব্যাহত থাকলে লেকের পানির স্তর স্বাভাবিক রূপ ধারন করবে। বিদ্যুৎ উৎপাদন আরও দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

খাদিজা রুমি/

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস
ছবি: খবরের কাগজ

দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়াও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

রিফাত/

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:০৪ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১০:০৯ এএম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
ছবি: খবরের কাগজ

বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়া বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

পরে বন্যা পরিস্থিতির অবনতি হলে জেলা প্রশাসকদের প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা অর্থাৎ চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

মঙ্গলবার মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

এদিকে গত চার দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের জনজীবন। কর্মজীবী মানুষের পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ ও ব্যবসায়ীরা। পানি প্রবেশ করায় ঘরের আসবাবপত্র ও দোকানের মালামাল ক্ষতি হয়েছে অনেকের। 

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে।

এদিকে পাহাড় থেকে লোকজনকে সরে যেতে জনসচেতনতামূলক মাইকিং করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও সিটি করপোরেশন প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেছে। তাছাড়া সিটি করপোরেশন ও রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদের সহযোগিতায় ১০১ সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। এ কমিটিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদকে সদস্যসচিব করা হয়েছে। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এই র‌্যাপিড রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে মাঠে কাজ করবে।

এ সময় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নগরবাসীকে যেকোনো জরুরি সহযোগিতার জন্য ০১৮০৫-৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

থিওটোনিয়াস/অমিয়/