সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের কুষ্টিয়ার দৌলতপুরে নৌ-পুলিশের থানা বা ফাঁড়ি স্থাপনের দাবি করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হেসে বলেন, ‘পুলিশ তো আমার হাতে নেই, তবে আমার কাছে মুরগি আছে।’ মঙ্গলবার (৭ জুলাই) সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।
আলোচনায় ফরিদা ইয়াসমিন কুষ্টিয়ার দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত প্রায় ৬০-৬৫ কিলোমিটার নদীপথে আইন-শৃঙ্খলার অবনতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এলাকাটি পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির আওতায় থাকায় কার্যকর নজরদারির অভাবে অপরাধ বেড়েছে। নদীপথে সন্ত্রাসী কর্মকাণ্ড ও গোলাগুলির ঘটনা রোধে তিনি একটি নৌ-থানা বা নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
এ সময় স্পিকার প্রশ্ন করেন, নৌ-পুলিশের বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে কেন উত্থাপন করা হচ্ছে। তিনি রসিকতার সুরে মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার অধীনে থানা-পুলিশ কিছু আছে কি না, সেটাই বলুন।’
জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হেসে বলেন, ‘পুলিশ তো আমার হাতে নেই, তবে আমার কাছে মুরগি আছে।’ তিনি আরও বলেন, ওই এলাকায় তার মন্ত্রণালয়ের সংরক্ষিত জলাশয়ের মাছ চুরির ঘটনা ঘটলে সে সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ পাঠানোর অনুরোধ করা যেতে পারে। তবে নৌ-পুলিশের থানা স্থাপনের বিষয়ে তার মন্ত্রণালয়ের কোনো এখতিয়ার নেই।
মন্ত্রীর এ মন্তব্যে সংসদ কক্ষে হাসির রোল পড়ে। পরে স্পিকার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপনের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পরামর্শ দেন।
এলিস/এসএন