ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার ঘোষণা ট্রাম্পের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড়ধস: নিহত ৮ নয়, চূড়ান্ত সংখ্যা ৫ বিপৎসীমা ছাড়াল মাতামুহুরী, হাহাকার প্লাবিত জনপদে দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ রায়পুরায় অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়ালধসে শিশুর মৃত্যু চামড়া খাতে বৈদেশিক মুদ্রা অর্জনে রোডম্যাপ করছে সরকার ইউরোপের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য বজ্রাঘাতে প্রাণহানি কমাতে মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ সংসদে তিন মন্ত্রী অনুপস্থিত থাকায় প্রশ্নোত্তর পর্ব স্থগিত গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, উদ্ধার ১৬, নিখোঁজ ২ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: আজম খান হেয়ার কাট ছাড়াই সুদসহ আমানত ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী মাছের ড্রামে পাচারকালে ৫৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ জাতির পথনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য: ডেপুটি স্পিকার আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ সম্মাননা পাবেন বিজয়ী ৫৭ জন ব্যক্তি–প্রতিষ্ঠান হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গুতে বাড়ছে উদ্বেগ, আরও ৩ জনের মৃত্যু মানি লন্ডারিং মামলায় আ’লীগ নেতা এনু-রুপনের কারাদণ্ড মনোযোগ ও একাগ্রতা ধরে রাখার সুন্নাতি ফর্মুলা কক্সবাজারে পাহাড়ধসে ৪ দিনে ১৯ জনের মৃত্যু জুলাই একদিনে সংঘটিত হয়নি, আবার আওয়ামী লীগের পতনও একদিনে হয়নি : ডা. জাহেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদকের ভয়াবহতা জিরো রিটার্নের গ্যাঁড়াকল ওভারব্রিজ দ্রুত সংস্কার করা হোক ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইউরোপের আধিপত্য চীনে কাঁঠাল রপ্তানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী বিএসএফের ঠেলে পাঠানো ৪ ভারতীয় নাগরিক ফিরলেন ভারতে ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৩

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত  ১৩
আহত সাংবাদিক লিমন ইসলাম। ছবি: খবরের কাগজ

রাজধানীর মুরগিটোলা মোড়ে জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী আহত হয়। এতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিমন ইসলাম।

সোমবার (৬ জুলাই) মধ্যরাতে পুরান ঢাকার মুরগিটোলা মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কালন মিয়া আশরাফুল ও তার রুমমেট শাদমান মাহমুদ ডিস্টিলারি রোডের একটি বাসায় ভাড়া থাকেন। বাসার পানির লাইন নষ্ট হলে বাড়ির মালিক স্থানীয় প্লাম্বার অপূর্ব হাসান রনি মাইকেলকে দিয়ে তা মেরামত করান। অভিযোগ অনুযায়ী, রাতে মাইকেল অতিরিক্ত ২০০ টাকা দাবি করেন। শিক্ষার্থীরা জানান, তার পারিশ্রমিক আগেই বাড়িওয়ালাকে দেওয়া হয়েছে। পরে আশরাফুল বাসার সামনে রাখা নিজের জুতা খুঁজে না পেয়ে মাইকেলের কাছে জিজ্ঞাসা করতে গেলে মুরগিটোলা মোড়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এরপর স্থানীয় কয়েকজন সেখানে এসে আশরাফুল ও তার রুমমেটকে মারধর করেন। লোহার রিং দিয়ে আঘাতে আশরাফুলের চোখের নিচে গুরুতর জখম হয়। পরে তাকে আটকে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে কয়েকশ শিক্ষার্থী মুরগিটোলা এলাকায় জড়ো হন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে একটি বাসা ঘেরাও করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বের করে আনতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের দাবি, কয়েকজন শিক্ষার্থী পুলিশের হেফাজত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। 

আহত সাংবাদিক লিমন ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য ছবি ও ভিডিও ধারণ করছিলাম। এ সময় এক পুলিশ সদস্য আমার ওপর লাঠি দিয়ে আঘাত করেন। আমি সঙ্গে সঙ্গে নিজেকে সাংবাদিক এবং আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিই। কিন্তু পরিচয় দেওয়ার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। কয়েকজন পুলিশ আমাকে চারদিক থেকে ঘিরে নির্বিচারে লাঠিপেটা শুরু করে। আমি পিছু হটতে হটতে এক পর্যায়ে রাস্তায় পড়ে যাই। এরপরও তারা আমাকে ঘিরে গণহারে লাঠিচার্জ করতে থাকে। পরে কয়েকজন জবি শিক্ষার্থী এসে আমাকে তাদের হাত থেকে সরিয়ে নেয়। ততক্ষণে আমার নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরে সহপাঠীরা আমাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরো বলেন, আমার ফোনের তথ্য-উপাত্ত বা পুলিশি হামলার ভিডিও থাকতে পারে এই আশঙ্কা থেকেই হয়তো তারা ইচ্ছাকৃতভাবে ফোনের জায়গাতেই সজোরে আঘাত করেছে। এতে আমার মোবাইল ফোনটি সম্পূর্ণ ভেঙে যায়।

সংঘর্ষের ঘটনার পর জবি শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাত আড়াইটার দিকে মুরগিটোলা মোড় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

ঘটনার পর প্লাম্বার অপূর্ব হাসান রনি মাইকেল ও আশিকুর রহমান আশিককে হেফাজতে নেয় পুলিশ। এছাড়াও ৭ জুলাই (মঙ্গলবার) ভোরে কালন মিয়া আশরাফুল বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩৪২, ৩০৭, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন বলেন, আমি খোঁজ নিয়েছি। শিক্ষার্থীরা পুলিশের কাছ থেকে অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে মারতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনে। আহত শিক্ষার্থীদের খোঁজখবর রাখা হচ্ছে।

এ বিষয়ে ডেমরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসিন মাসুদ বলেন, কয়েকজন শিক্ষার্থী পুলিশের হেফাজত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশকে লাঠিপেটা করতে হয়েছে। এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুজাহিদ বিল্লাহ/এসএন

জাতির পথনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য: ডেপুটি স্পিকার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম
জাতির পথনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য: ডেপুটি স্পিকার
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: খবেরর কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) গণতন্ত্র রক্ষা ও জাতির সঠিক পথনির্দেশনার প্রধান কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায় এবং জাতি গঠনের অন্যতম প্রধান কেন্দ্র। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশের যখনই কোনো দুর্যোগ বা সংকট এসেছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে।’

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে তুলে ধরে বলেন, ‘অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষার আগে আমার ক্লাসের পারসেন্টেজ কম ছিল। তখন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার আমাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেননি। আমি তৎকালীন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ স্যারসহ অনেক শিক্ষকের দ্বারস্থ হয়েছিলাম। ভিসি স্যার অনুরোধ করলেও চেয়ারম্যান স্যার নিয়মের প্রতি অটল ছিলেন।’

স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান স্যার সেদিন আমাকে ডেকে বলেছিলেন- তোমাকে যদি আজ অ্যালাউ করি, জীবনে কখনোই নিয়মানুবর্তিতা শিখবে না। আমি চাই তুমি এক বছর আবার ক্লাস করে রেগুলার পরীক্ষা দিয়ে পাস করো। পরের বছর সারা বছর ক্লাস করে আমি পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন, ডিসিপ্লিন লাইফ লিড করলে জীবনে অনেক বড় হতে পারবে। উনাদের সেই শৃঙ্খলার শিক্ষাই আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।’

এসময় বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ড. শারমিন জাহান চৌধুরী এবং নবীনদের পক্ষে মো. তাওহীদ হামিদ ও তাসমিহা জামান সুস্মিতা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে খেলাধুলায় বিশেষ কৃতিত্বের জন্য জয় কুমার দাসকে এ্যাথলেটিক রোল অব অনার দেয়া হয়। এছাড়া, বিভিন্ন ক্যাটাগরিতে সহ-শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্বের জন্য ২৬জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরিফ জাওয়াদ/এসএন

জুলাই একদিনে সংঘটিত হয়নি, আবার আওয়ামী লীগের পতনও একদিনে হয়নি : ডা. জাহেদ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম
জুলাই একদিনে সংঘটিত হয়নি, আবার আওয়ামী লীগের পতনও একদিনে হয়নি : ডা. জাহেদ
ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই একদিনে সংঘটিত হয়নি, আবার আওয়ামী লীগের পতনও একদিনে হয়নি। আমরা যদি সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনের দিকে তাকাই, তাহলে দেখব সরকার পতনের সঙ্গে গৃহযুদ্ধ সৃষ্টি হয়েছে। কোথাও সরকার পতন হয়েছে, কোথাও দীর্ঘ সংঘাত চলেছে। আবার সব দেশে সরকার পতনও হয় না।

বুধবার (৮ জুলাই) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘মননে জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি কম্বোডিয়ার উদাহরণ টেনে বলেন, “কম্বোডিয়ায় হুন সেন দীর্ঘ সময় ক্ষমতায় থেকে ২০২৩ সালে তার ছেলে হুন মানেতের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। শেখ হাসিনাও তার শাসনব্যবস্থা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন। তিনি ক্ষমতা ছাড়লে ছেলে, মেয়ে কিংবা পরিবারের অন্য সদস্যের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা নিজেদের মধ্যেই ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি, কারণ বাংলাদেশে বিএনপি নামে একটি রাজনৈতিক দল ছিল, যারা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানিয়ে গেছে।”

জুলাই আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন হঠাৎ করে হয়নি, তেমনি জুলাই আন্দোলনও কোনো আকস্মিক ঘটনা নয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি ধারাবাহিকভাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে, যার ধারাবাহিকতায় জুলাই আন্দোলন গড়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “এই জুলাই কোনো একজন ব্যক্তি বা একদিনের অবদানে সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ধরে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের আর্তনাদ, বৈষম্যের শিকার মানুষের ক্ষোভ, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততায় আন্দোলন পূর্ণতা পেয়েছে। জুলাইয়ের একটাই লক্ষ্য ছিল স্বৈরাচারী শাসনের অবসান।”

তিনি আরো বলেন, “জুলাই সফল হওয়ার পর নানা ধরনের মতামত ছিল। কেউ বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করতে চেয়েছেন, কেউ সংবিধান স্থগিত রেখে বিপ্লবী সরকার গঠনের কথা বলেছেন, আবার কেউ নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছেন। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই কাজ করছি।”

তিনি বলেন, “একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছি আমরা। সরকারের ভুল-ত্রুটি থাকতে পারে, তবে সেগুলো সংশোধন করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন।

এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুজাহিদ/এএফ

ইবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
ইবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫ বছরেরও অধিক সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২  শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ। 

বুধবার (৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আহ্বায়ক, সিনি: যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক। 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মেহমুদ হাসান উৎস, আশিক ইকবাল, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের কমিটি হয়েছে এজন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং আইনমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে চাই, এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।  

এসএন/

এইউএসটি ও জার্মানির UNU-FLORES-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম
এইউএসটি ও জার্মানির UNU-FLORES-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: বিজ্ঞপ্তি

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST), বাংলাদেশ এবং জার্মানির ড্রেসডেনে অবস্থিত United Nations University Institute for Integrated Management of Material Fluxes and of Resources (UNU-FLORES)-এর মধ্যে গবেষণা, শিক্ষা, সক্ষমতা উন্নয়ন এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) তারিখে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই MoU স্বাক্ষর সম্পন্ন হয়। AUST-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী এবং UNU-FLORES-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ড. এডেলট্রাউড গুন্থার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AUST-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান, উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল মতিন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদা নিলুফার, ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. শফিউল আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জি. মোহাম্মদ ফয়জুর রহমান, প্রফেসর ড. লাল মোহন বড়াল এবং UNU- FLORES-এর সিনিয়র অ্যাডজাঙ্ক্ট রিসার্চার ড. কমোল গোমেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং AUST-এর পক্ষ থেকে MoU-এর মনোনীত যোগাযোগ সমন্বয়কারী প্রফেসর ড. মোহাম্মদ তাজুল ইসলাম। এই সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, একাডেমিক বিনিময়, সক্ষমতা উন্নয়ন, সেমিনার ও কর্মশালা আয়োজন, ডক্টরাল গবেষণা তত্ত্বাবধান এবং যৌথ প্রকল্প ও তহবিল আহরণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

বিশেষ করে টেকসই উন্নয়ন, সার্কুলার টেক্সটাইল, প্রকৌশল, স্থাপত্য, ব্যবসায় এবং সংশ্লিষ্ট আন্তঃবিষয়ক ক্ষেত্রে যৌথ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে AUST-এর একটি প্রতিনিধিদল জার্মানির ড্রেসডেনে অবস্থিত UNU-FLORES পরিদর্শন করে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করে। পরবর্তীতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘ কয়েক মাসের আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এই সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্ব টেকসই উন্নয়ন, উদ্ভাবন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে AUST-এর শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞপ্তি/

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: খবরের কাগজ

নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রারসহ প্রশাসনিক, একাডেমিক ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিবার্ষিকীর আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে উৎমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রশাসনিক ভবন ও প্রধান ফটকে আলোকসজ্জা করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপ-উপচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল ও রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, যাদের অক্লান্ত পরিশ্রম ও অপরিসীম চেষ্টায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অবদানকে আমি গভীরভাবে স্মরণ করছি। আমি প্রত্যাশা করছি, একদিন এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে তৈরি হবে। সেজন্য আমাদের সকলকে বিভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে অনুষ্ঠানের শুরুতে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নানা ধরনের সীমাবদ্ধতা থাকার পরও আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমরা দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করেছি। প্রথমবারের মতো ডিনস কমপ্লেক্স চালু করেছি।

সেই সাথে গবেষণাগার সমৃদ্ধিকরণ ও মেডিকেল সেন্টার সংস্কার করেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট মোকাবিলায় ইতোমধ্যে ২০ জন শিক্ষক নিয়োগ দিয়েছি। আরো ৪৭ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বিভিন্ন প্রজেক্টে আমরা আরও ১২০০ কোটি টাকার প্রজেক্ট পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহায়তা কামনা করেন।

বাদল/এএফ