মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাস হাজতবাস করতে হবে।
বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।
অবৈধভাবে অর্জিত অর্থ গোপন ও পাচারের অভিযোগে করা এ মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষনার আগে দুইভাইকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর মো. সেলিম খান এসব তথ্য জানান। তিনি জানান, আইনের বিধানমতে মামলায় ইতোপূর্বে তাদের হাজতবাসের সময় সাজার মেয়াদ থেকে বাদ যাবে।
মামলার বিবরণে জানা গেছে, বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হয়। ২০২১ সালের ৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক এনু, তার ভাই রুপন ভূঁইয়াসহ মোট ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
অবৈধ উপায়ে অর্জিত প্রায় ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে সংরক্ষণ ও উৎস গোপনের অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, একই আদালতে গত বছরের ৩০ জানুয়ারি একই আইনের আরেক মামলায় দুজনকে সাত বছর করে কারাদণ্ড ও ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
এম এ জলিল উজ্জ্বল/এএফ