বলিউডের বিতর্কের রানি বলা হয় অভিনেত্রী কঙ্গনা রনৌতকে। কারণ যেখানেই তার বিচরণ সেখানেই বিতর্কের স্পর্শ এঁকে দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কঙ্গনা যেমন জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, ঠিক তেমনই বহু বিতর্কের জন্ম দিয়ে হয়েছেন উপহাসের পাত্রীও। কঙ্গনা অভিনীত নতুন সিনেমা ‘কুইন ২’। চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহলের পরিচালনায় এর শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি শুটিং শেষ করে এখন পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। শুটিং শেষ হতেই আইনি জটিলতায় কঙ্গনার ‘কুইন ২’। মূল ছবির মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ তুলে বম্বে হাইকোর্টে জিয়োস্টারের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার মামলা দায়ের করেছে ফ্যান্টম স্টুডিওস। সংস্থার দাবি, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’-এর সিক্যুয়েল তৈরি করা হয়েছে।
সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিকবার জিয়োস্টার এবং সিনেমার নির্মাতার সঙ্গে যোগাযোগ করে আপত্তির কথা জানানো হয়েছিল। এমনকি প্রকাশ্যে আইনি নোটিশও জারি করা হয়। কিন্তু তাতে কোনো ইতিবাচক সাড়া না মেলায় শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে।
আরও একটি সূত্রের দাবি, ‘কুইন ২’-এর শুটিং সম্পূর্ণ হওয়ার খবর জানার পরেই আইনি পথে এগোয় ফ্যান্টম স্টুডিওস।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ সিনেমাটি প্রশংসা কুড়িয়েছিল। ছবিটি দুটি জাতীয় পুরস্কারও জেতে। সেরা অভিনেত্রীর পুরস্কার পান কঙ্গনা।
ছবির প্রযোজক ছিল ‘ভায়াকম১৮ মোশন পিকচার্স’ এবং ‘ফ্যান্টম ফিল্মস’। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্তেনা এবং বিকাশ বহেল মিলে গড়ে তুলেছিলেন সেই প্রযোজনা সংস্থা। ২০১৮ সালে ফ্যান্টম ফিল্মস বন্ধ হয়ে গেলেও ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে নতুন ভাবে পথচলা শুরু করে সংস্থাটি।
ফ্যান্টম স্টুডিওসের দাবি, ‘কুইন’ ছবির মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা তাদের হাতে রয়েছে। সেই সূত্রেই ছবির সিক্যুয়েল বা অন্য কোনো কাজ তৈরির অধিকারও তাদের রয়েছে। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থা স্পষ্ট জানিয়েছিল, ‘কুইন’-এর ওপর ভিত্তি করে কোনো সিক্যুয়েল বা অভিযোজন নির্মাণের অনুমতি তারা দেয়নি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা এবং সমঝোতার উদ্যোগ চললেও শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় বিষয়টি আদালতের দ্বারস্থ হয়েছে।