চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে তিনটি ফ্লাইটকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
তীব্র ঝড়ো বাতাসের কারণে মঙ্গলবার (৭ জুলাই) এই বিমানবন্দর দিয়ে আসা-যাওয়া (অ্যারাইভাল ও ডিপার্চার) করা প্রায় সব ফ্লাইটের শিডিউল বিপর্যস্ত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রতিটি ফ্লাইট প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে।
চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বরত প্রকৌশলী ইব্রাহিম খলিল খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। তীব্র বাতাসের কারণে রানওয়েতে নিরাপদ অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ৩টি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করেছে। রানওয়েতেও পানি জমে গেছে।
তিনি জানান, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইট BS350 বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শারজাহ থেকে আসা ফ্লাইট G9-526 একই পরিস্থিতির কারণে চট্টগ্রামে নামতে ব্যর্থ হয় এবং পরে ঢাকায় ডাইভার্ট করা হয়। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা অভ্যন্তরীণ রুটের ফ্লাইট BG121 চট্টগ্রামের আকাশসীমা থেকে পুনরায় ঢাকায় ফিরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এই বিলম্ব বা সাময়িক পরিবর্তন বজায় থাকতে পারে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। এই প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রমেও মারাত্মক প্রভাব পড়েছে। পরিস্থিতির কারণে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
রিফাত/