চট্টগ্রামের পতেঙ্গা সৈকতসংলগ্ন একটি সড়কের অংশ টানা বৃষ্টি ও জোয়ারে ধসে পড়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয়রা সড়কে ফাটল ও ধসের চিহ্ন দেখতে পায়। পরে ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল সীমিত করা হয়।
চট্টগ্রামে শনিবার থেকে টানা দুই দিনের ভারী বর্ষণ এবং জোয়ারের প্রভাবে নগরজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মঙ্গলবার প্রবল বৃষ্টির মধ্যে পতেঙ্গা সি-বিচ পুলিশ বক্সের বিপরীত পাশে সড়ক দেবে যায়। পরে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
দুর্ঘটনা এড়াতে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে সড়কের অপর পাশ ব্যবহার করে সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টি এবং উত্তাল জোয়ারের কারণে সড়কের নিচের মাটি সরে যায়। সকালে ধসের ঘটনার পর এলাকায় সতর্কতা জারি করা হয়। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়। উপকূলীয় এলাকায় দীর্ঘস্থায়ী বৃষ্টি, জোয়ারের চাপ এবং মাটির ক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে ধারণা স্থানীয়দের।
আবদুস সাত্তার/থিওটোনিয়াস/