পাবনার ঈশ্বরদীতে ‘থ্রি স্টার ব্যাটারি হাউজ’ নামে যৌথ মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ইজিবাইকে ব্যবহৃত ৮১টি ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা হতাশাজনক বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত ৮টায় উপজেলার ছলিমপুরের বড়ইচারা হাটে অবস্থিত থ্রি স্টার ব্যাটারি হাউজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে এ ব্যবসাপ্রতিষ্ঠানের তিন মালিক জাকারিয়া সুমন, জামিলুর রহমান সবুজ ও আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
জামিলুর রহমান সবুজ জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতে থ্রি স্টার ব্যাটারি হাউজে সাটার ভেঙে ইজিবাইকে ব্যবহৃত ৮১টি ব্যাটারি, নগদ অর্থ ও সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
সবুজ জানান, চলতি বছরের ১ জানুয়ারি চুরির ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা করা হয়। কিন্তু মামলার পর পুলিশের পক্ষ থেকে তেমন সহযোগিতা পাওয়া যায়নি। মামলার ৬ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেননি, কোনো আলামত সংগ্রহ করেননি।
তিনি আরও জানান, চলতি বছরের ২৮ মে জাবির ট্রেডার্সে আরেকটি চুরি ঘটনা ঘটে। এখান থেকে ২ লাখ টাকার ইলেকট্রিক কেবলসহ বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান খবরের কাগজকে বলেন, ‘তদন্তকারী কর্মকর্তার ধারাবাহিক বদলির কারণে থ্রি স্টার ব্যাটারি হাউজের ঘটনা তদন্তে বিলম্ব হয়েছে। তবে বিষয়টি নিয়ে পুলিশ এখন কাজ করবে।
জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস/