কুড়িগ্রামে চুক্তি নবায়নের দাবিতে মানববন্ধন করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলাররা।
ডিলারদের দাবি, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি নবায়ন করতে হবে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে জেলার বিভিন্ন উপজেলার টিসিবি ডিলাররা অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার টিসিবি ডিলার আতাউর রহমান, চিলমারী উপজেলার ডিলার পলাশসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে টিসিবির কার্যক্রম পরিচালনা করে আসছি। জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নবায়নের সুপারিশ থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে এখনো চুক্তি সম্পাদন করা হয়নি। এতে আমরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। অবিলম্বে তদন্ত প্রতিবেদন অনুযায়ী নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে পুনঃচুক্তি সম্পাদন করে আমাদের জীবিকা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে।
তারা বলেন, টিসিবি ডিলাররা নিম্নআয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বৈধ ও নবায়নযোগ্য ডিলারদের দীর্ঘদিন ঝুলিয়ে রাখায় তারা আর্থিক ও পারিবারিক সংকটে পড়েছেন। এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।"
জিএম সিরাজ/তামান্না রুপা/