কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্ত এলাকায় ৭৫ হাজার জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন ওই ইউনিয়নের মইদাম কানিবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার রাতে ঢেবঢেবি বাজারে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ৭৫ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।
পুলিশ বলছে, জাল টাকায় ভারত থেকে গাঁজা ও ইয়াবা এনে বাংলাদেশে বিক্রি করতো আনোয়ার হোসেন। জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করেছেন তিনি। এবারও মাদক কিনতে জাল টাকা নিয়ে সীমান্তের উদ্দেশ্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সুযোগ পেলে ভারতে ঢুকে মাদক কিনে আনতো।
ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তার ব্যক্তি সীমান্তের মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত। সীমান্তে মাদক কেনাবেচায় বাংলাদেশি জাল নোট ব্যবহার হচ্ছে। সীমান্ত এলাকার মানুষদের এ বিষয়ে সতর্কতার সাথে লেনদেন করা উচিত।
সিরাজ/খাদিজা রুমি/