শেষ ষোলো নিশ্চিত করার পথে কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় অনুষ্ঠিতব্য ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ মিসর।
টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জয় পেলেও আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিশেষ করে কেপ ভার্দের বিপক্ষে দলটির ছন্দহীন ফুটবল সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি স্বীকার করেছেন কোচ লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে তিনি একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন আর্জেন্টিনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য পরিবর্তন অনুযায়ী, লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডে তিয়াগো আলমাদার পরিবর্তে সুযোগ পেতে পারেন লেয়ান্দ্রো পারেদেস এবং আক্রমণভাগে লাওতারো মার্তিনেসের বদলে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেসকে।
একাদশ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমার একাদশ ঠিক করা আছে। যদিও সেটা এখনো খেলোয়াড়দের জানাইনি। তবে মোটামুটি তারা বুঝতে পারছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’
দলের মানসিকতার প্রশংসা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘এই ছেলেরা সবসময় বাড়তি লড়াই, বাড়তি উদ্যম এবং হার না মানা মানসিকতা নিয়ে মাঠে নামে।’
পাপ্পু/রিফাত/