২০২৬ ফিফা বিশ্বকাপে আটলান্টায় শেষ-১৬ এর ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি রুখে দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে মেসির শটটি প্রতিহত করেন তিনি। চলমান বিশ্বকাপে এটি মেসির মিস করা দ্বিতীয় পেনাল্টি।
চলতি বিশ্বকাপে এটি শোবেরের দ্বিতীয় পেনাল্টি সেভ। এর আগে গ্রুপ পর্বে ইরানের মেহেদি তারেমির একটি স্পট কিকও দারুণ দক্ষতায় আটকে দিয়েছিলেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপের একটি একক আসরে দুটি পেনাল্টি ঠেকানো ইতিহাসের চতুর্থ এবং প্রথম আফ্রিকান গোলরক্ষক হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন শোবের।
তবে কেবল পেনাল্টি সেভই নয়, পুরো ম্যাচ জুড়েই বীরত্ব দেখিয়েছেন এই মিশরীয় দেয়াল। প্রথমার্ধে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং আলভারেজের অত্যন্ত কাছ থেকে নেওয়া দুটি নিশ্চিত গোলের শট রুখে দিয়ে মিসরকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।
ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার:
২৬ বছর বয়সী মোস্তফা শোবের ২০২০ সাল থেকে মিসরের ক্লাব আল আহলির হয়ে খেলছেন এবং ক্লাবটির হয়ে ইতিমধ্যে ৬৩টি ম্যাচে মাঠে নেমেছেন। অন্যদিকে জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
পারিবারিক ঐতিহ্য:
ফুটবল মোস্তফা শোবেরের রক্তেই রয়েছে। তিনি মিশরের কিংবদন্তি গোলরক্ষক আহমেদ শোবেরের ছেলে, যিনি ১৯৯০ সালের বিশ্বকাপে মিসরের হয়ে খেলেছিলেন। সেবার গ্রুপ পর্বে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডের বিপক্ষে মিশরের দুটি গুরুত্বপূর্ণ ড্রয়ের পেছনে আহমেদ শোবেরের অনবদ্য অবদান ছিল। বাবার সেই গৌরবময় উত্তরাধিকার এবার যেন আরও বড় মঞ্চে টেনে নিলেন ছেলে মোস্তফা শোবের।
পাপ্পু/রিফাত/