সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়। এরপর অতিরিক্ত সময়েও কোনো ফল আসেনি। তাতে টাইব্রেকারে গড়াল ম্যাচ। শেষ আটে কারা উঠবে তা নির্ধারিত হবে টাইব্রেকারে।
মঙ্গলবার (৭ জুলাই) কানাডার ভ্যাঙ্কুভারের বিখ্যাত বিসি প্লেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ে জালের দেখা পায়নি কোনো দল। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন থাকে ০-০। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের ৯৯ মিনিটে কলম্বিয়ার সামনে এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছিল। কর্নার থেকে আসা বলে হেড নেন ডিফেন্ডার জন লুসুমি। তবে ভাগ্য সহায় ছিল না কলম্বিয়ার। তার জোরালো হেড সরাসরি আঘাত হানে ক্রসবারে। গোলরক্ষককে পরাস্ত করেও গোলের দেখা পায়নি কলম্বিয়া।
বদলি হিসেবে মাঠে নামার মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই গোলের সুযোগ তৈরি করেছিলেন সুইজারল্যান্ডের জেকি আমদুনি। তবে তার নেওয়া শট ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক কেভিন মিয়ের ভার্গাস। এর পরপরই লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেন।
কলম্বিয়া ম্যাচের অন্যতম সেরা সুযোগ হাতছাড়া করে ১১৫ মিনিটে। নিজেদের পেনাল্টি বক্সের ভেতরে বল ক্লিয়ার করতে গিয়ে সময় নেন জাকা। সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে ট্যাকল করে বল কেড়ে নেন মুনোজ।
এরপর বল চলে যায় ক্যাম্পাজের কাছে। তাতে সুইজারল্যান্ডের গোলরক্ষককে একা পেয়ে শট নেন তিনি। কিন্তু অবিশ্বাস্যভাবে তার নেওয়া শটটি গোলবারের ওপর দিয়ে চলে যায়। শেষ মুহূর্তে এত বড় সুযোগ নষ্ট করায় হতাশ হয় কলম্বিয়ার খেলোয়াড়রা।
তাতে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়েও কোনো ফল আসেনি ম্যাচের। ফলে ম্যাচ গড়াল টাইব্রেকারে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কারা উঠবে সেটি নির্ধারিত হবে টাইব্রেকারে।
এসজি/