বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে অ্যাসিস্ট করে অনন্য রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
এই অ্যাসিস্টটি ছিল বিশ্বকাপে মেসির নবম অ্যাসিস্ট। এর মাধ্যমে তিনি স্বদেশি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হয়েছেন।
চলতি বিশ্বকাপে এটিই মেসির প্রথম অ্যাসিস্ট। এর আগে ২০২২ বিশ্বকাপে তিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি এবং নেদারল্যান্ডসের বিপক্ষে একটি অ্যাসিস্ট করেছিলেন।
তারও আগে, ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। এ ছাড়া ২০১৪, ২০১০ ও ২০০৬-এই তিনটি বিশ্বকাপেও একটি করে অ্যাসিস্ট করেছিলেন তিনি। ফলে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে অ্যাসিস্ট করা ইতিহাসের প্রথম ফুটবলার এখন মেসি।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। মিশরের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে গোল করে সেই রেকর্ডও আরও সমৃদ্ধ করেছেন তিনি। সূত্র: স্পোর্টসস্টার
এসজি/