কিশোরগঞ্জের নিকলীতে বাবার করা মামলায় থানা হাজতে গিয়ে মাদকাসক্ত ছেলে রুবেল মিয়া (২২) আত্মহত্যা করেছেন। পরে হাজত থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল এলাকার বাসিন্দা এবং তারা বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন।
নিহতের বাবা বলেন, রুবেল আমার একমাত্র ছেলে। সে খুব আদরের ছিল। কিন্তু অল্প বয়সেই ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমি নিজেই তার বিরুদ্ধে মামলা করে তাকে হাজতে পাঠাই। ৩ মাস কারাভোগ করেও তার কোনো পরিবর্তন হয়নি এবং আবারও মাদকে জড়িয়ে পড়ে। মাদক সেবনের কারণে পরিবারের সবার সঙ্গে খারাপ আচরণ করত। তাই আজও আমি নিজেই পুলিশকে খবর দিই। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার পর আমি তাকে খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জানতে পারি সে আত্মহত্যা করেছে। এখন আবার থানায় যাচ্ছি।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে বাবার করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। পরে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মিতু/নাঈম