আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জান্নি ইনফাস্তিনো এবং রেফারি ফ্রাঁসোয়া লিতেক্সিয়েরে বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে মামলার আবেদন করেছেন মো. রাকিব (২২) নামে নোয়াখালীর এক মিসর সমর্থক।
বুধবার (৮ জুলাই) রাতে সুধারাম মডেল থানায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণসহ ফিফা থেকে দোষীদের প্রত্যাহার চেয়ে ওই আবদেন করা হয়।
আবেদনে বাদী মো. রাকিব নোয়াখালীর সদর উপজেলার করমুল্যাহ এলাকার মান্দারতলী গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) রাতে বাদী রাকিবসহ স্বাক্ষীরা স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম মিসরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখছিলেন। ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়ে একটি বিশেষ দলকে সুবিধা দিয়েছেন। যার ফলে মিসর পরাজিত হয়।
রাকিব দাবি করেন, ম্যাচে অন্যায়ভাবে পেনাল্টি দেওয়া হয়েছে এবং মিসরের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত নিয়ে ম্যাচের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে।
অভিযোগে বাদী জানান, ফিফার সভাপতি ও সংশ্লিষ্টরা আন্তর্জাতিক ফুটবলের এ ম্যাচ নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রতারণা করেছেন। এতে মিসরের কোটি কোটি দর্শকের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছেন।
তিনি উল্লেখ করেন, পক্ষপাতমূলক এ আচরণের কারণে তিনিসহ মিসরের সাধারণ সমর্থকেরা চরম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য তিনি ফিফার কাছ থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাদী মো. রাকিব বলেন, থানায় মামলা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি। পুলিশ যেহেতু মামলা নেইনি, তাই আমি একই অভিযোগ নিয়ে আদালতে যাব। প্রয়োজনে মানববন্ধনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করব।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম অভিযোগের বিষয়ে বলেন, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বা ফিফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি এখতিয়ার স্থানীয় থানার নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনে তাকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইকবাল হোসেন/অন্তরা/