ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ও লাইসেন্সবিহীন চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার জোড়াদহ কালীতলা বাজারে অবস্থিত ‘শেফা ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেন হরিণাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুরা মৌনা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শেফা ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ও ডায়াগনস্টিক লাইসেন্স ছাড়াই সাধারণ মানুষের চিকিৎসা সেবার নামে ব্যবসা পরিচালনা করে আসছিল। মঙ্গলবার দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালানো হলে প্রতিষ্ঠানের মালিক পক্ষ বৈধ কোনো লাইসেন্স দেখাতে পারেনি। তাই জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
অভিযান চলাকালে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং প্রতারণা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে লাইসেন্সবিহীন এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মাহফুজুর রহমান/এএফ