বিশ্বকাপে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। দলের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আগামী শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং জিতলে আগামী সপ্তাহে আর্জেন্টিনা বা সুইজারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন কোয়ানসা। ম্যাচের ৫৪ মিনিটে হেসুস গালিয়ার্দোর ওপর বেপরোয়া স্লাইডিং ট্যাকল করার ঘটনায় ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
লাল কার্ডের কারণে স্বাভাবিকভাবেই নরওয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েন তিনি। তবে ‘গুরুতর ফাউল’ করায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা।
ফিফা নিশ্চিত করেছে, আচরণবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ ভঙ্গের দায়ে কোয়ানসাকে এই শাস্তি দেওয়া হয়েছে। ওই ধারায় গুরুতর ফাউল করলে দুই ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে।
কোয়ানসা ছিটকে যাওয়ায় রাইট-ব্যাক পজিশন নিয়ে বড় সংকটে পড়েছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। কেননা রিস জেমস ঘানার বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর আর মাঠে নামেননি।
অন্যদিকে, জেড স্পেন্সও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচে কেবল বদলি হিসেবে বেঞ্চে জায়গা পেয়েছিলেন। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে রক্ষণভাগ নিয়ে টুখেলের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে।
এসজি/