চট্টগ্রামের সাতকানিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু ও ডলু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করায় অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সাতকানিয়া পৌরসভার চরপাড়া সংলগ্ন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ এলাকায় পানিবন্দি অবস্থায় আটকে থাকা ৮ নারী ও শিশুকে উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিয়েছেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে রেড ক্রিসেন্ট সদস্যদের সহায়তায় নৌকার সাহায্যে তাদেরকে উদ্ধার করা হয়। ওই সময় বাড়িটিতে প্রায় বুকসমান পানি ছিল বলে জানা গেছে।
জানা যায়, ডলু নদীর পাড় ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করায় ওই এলাকার বেশিরভাগ রাস্তাঘাট ও বাড়িতে পানি ঢুকে পড়ে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারেননি। মাহিন নামে তাদের এক ছেলে চট্টগ্রাম নগরীতে চাকরি করেন। তার পরিবার আটকে থাকার বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে জানান। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান রেড ক্রিসেন্ট সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নৌকার মাধ্যমে আটকে থাকা ৮ জন নারী ও শিশুকে নিরাপদে ঢেমশা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছে দেন। সেখান থেকে তাদেরকে গন্তব্য স্থলে পৌঁছার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান খবরের কাগজকে বলেন, বন্যাকবলিত এলাকায় কেউ যাতে ঝুঁকির মধ্যে না থাকেন, সেজন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। কোথাও কেউ আটকে পড়লে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়াও পানিবন্দি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অনেক পরিবার ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। পাশাপাশি নদীর পানি ও সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরিফুল ইসলাম/নাঈম