শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসচাপায় আব্দুল কাদির (৬০) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদির উপজেলার চন্দ্রকোনা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার ‘স্বদেশ ডায়াগনস্টিক’ সেন্টারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল কাদির নিজ কর্মস্থল ‘স্বদেশ ডায়াগনস্টিক’ সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা রংধনু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাবনাজ বেগম তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
শাকিল/এএফ