ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এর আগে ভক্তদের কাছে এক ভিন্ন ধরনের অনুরোধ করেছেন দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আজ একটি কাজই করো... গুগলে আমার নাম সার্চ করো।’
যারা গুগলে ‘Erling Haaland’ লিখে সার্চ করছেন, তাদের জন্য অপেক্ষা করছে একটি মজার চমক। সার্চ ফলাফলের নিচে ভেসে ওঠে বিশেষ একটি অ্যানিমেশন, যেখানে সাতজন ভাইকিং একসঙ্গে নৌকা বাইবার ভঙ্গিতে উদ্যাপন করছেন।
বিশ্বকাপ চলাকালে নরওয়ের ‘ভাইকিং রো’ উদ্যাপন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গ্যালারিতে থাকা দর্শকদেরও এই ভঙ্গিতে উদ্যাপন করতে দেখা যায়। যা দেশটির সমৃদ্ধ ভাইকিং ঐতিহ্য ও সামুদ্রিক ইতিহাস তুলে ধরে।
এই উদ্যাপন নরওয়ের ঐতিহাসিক ভাইকিং লংশিপের (দীর্ঘ, সরু এবং অত্যন্ত দ্রুতগামী নৌকা) বৈঠা চালানোর দৃশ্য থেকে অনুপ্রাণিত বলে ধারণা করা হয়।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে সাত গোল করেছেন হালান্ড। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই হালান্ডের নামে বিশেষ অ্যানিমেশন যুক্ত করেছে গুগল।
এসজি/