মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সিডার পার্কে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী একটি লাইভ মিউজিক্যাল শো। নাট্যনির্দেশক হৃদি হকের নির্দেশনায় আয়োজিত ‘চেতনাতে নজরুল’ শীর্ষক এই আয়োজন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরে।
প্রদীপ্ত আয়োজিত এই পরিবেশনায় প্রচলিত উপস্থাপনার বাইরে সংগীত, নাট্যভাষ্য ও কথনের সৃজনশীল সমন্বয় দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিয়েছে। নজরুলের বিদ্রোহ, প্রেম ও মানবিক চেতনাকে কেন্দ্র করে সাজানো পুরো অনুষ্ঠানটি দর্শকদের মুগ্ধ করে।
মঞ্চে সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান রনি ও সুমনা ব্যানার্জী। সবশেষে রনির সঙ্গে নজরুলের আরও কয়েকটি গান যুগলভাবে পরিবেশন করেন আফরোজ মিদৌরি। শিল্পীদের সঙ্গে লাইভ মিউজিক্যাল টিমের তবলা, ভায়োলিন, গিটারসহ সমন্বিত বাদ্যযন্ত্রের পরিবেশনা পুরো মিলনায়তনে তৈরি করে মনোমুগ্ধকর এক সাউন্ডস্কেপ।
হৃদি হক বলেন, “প্রতিটি পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের বিদ্রোহ, প্রেম ও মানবিক চেতনাকে দর্শকদের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি। সংগীত, নাট্যভাষ্য ও কথনের এই সমন্বিত উপস্থাপনা দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দিয়েছে। সিডার পার্কে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে।”
মঞ্চনির্দেশনার পাশাপাশি বর্তমানে চলচ্চিত্র নির্মাণেও ব্যস্ত সময় পার করছেন হৃদি হক। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়েছে। ছবিটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছে। এছাড়া সেরা গল্পকার বিভাগে প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, সেরা সম্পাদক, সেরা গায়ক বিভাগে কামরুজ্জামান রনি এবং প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী বিভাগে যথাক্রমে সজল নূর ও সানজিদা প্রীতিও মনোনয়ন অর্জন করেছেন। আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল গালা অনুষ্ঠান।
/এসএল