ফেনীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুৃলাই) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলম।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. দিদারুল আলম তার বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে ও বেশি করে গাছ লাগাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এবং অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় দিবসের মূল প্রতিপাদ্য ও এর গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ফেনীর সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, হাসপাতাল ও নার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব হাফেজ আহাম্মদ, সাংবাদিক ইলিয়াস সুমন ও পরিবেশকর্মী নজরুল বিন মাহমুদুল প্রমুখ।
বক্তারা পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার বর্জন ও বনায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সমাজের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তোফায়েল নিলয়/খাদিজা রুমি/