শরীয়তপুরের নড়িয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে ঢুকে অফিস সহকারী তৌফিকুল ইসলামকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই অফিস সহকারী।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুরে নড়িয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন অফিস সহকারী তৌফিকুল ইসলাম। এ সময় কার্যলয়ে ঢুকে উপজেলা প্রকৌশলীর খোঁজ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। তখন উপজেলা প্রকৌশলী কার্যালয়ে নেই শুনে মতিউর রহমান সাগর ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাদের নিয়ে অশালীন মন্তব্য করেন।
বিষয়টি নিয়ে তৌফিকুল ইসলাম প্রতিবাদ করলে মতিউর রহমান সাগর নিজেকে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে তার শার্টের কলার ধরে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী ওই অফিস সহায়ক।
ভুক্তভোগী তৌফিকুল ইসলাম বলেন, 'গত মাসের ২ তারিখে মতিউর রহমান সাগর অফিসে এসে কর্মকর্তাদের কথা জিজ্ঞেস করেন এবং অফিসে তারা না থাকায় তাদের গালমন্দ করেন। পরে আমি গালামন্দ করতে নিষেধ করায় আমার কলার ধরে চড়-থাপ্পর মারেন। এ ছাড়াও তিনি এ বিষয়ে মামলা না করার হুমকিও দেন।'
এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত বিএনপি নেতা মতিউর রহমান সাগর। তিনি বলেন, 'মারধর তো দূরের কথা, আমি গত ৬ মাসেও উপজেলা কার্যালয়ে যাইনি।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, অফিসে গিয়ে মারধর ও হুমকির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিধান মজুমদার/আজহার/