ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
মিশরকে অন্যায়ভাবে হারানো হয়েছে: জোহরান মামদানী আবারও ইরানে একের পর এক মার্কিন হামলা স্পেনকে হারিয়ে চমক দেখাতে চান কর্তোয়া টানা বৃষ্টিতে চবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ বেনাপোল ইমিগ্রেশনে আটক ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোনারগাঁয় চেকপোস্টের সামনে ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট চট্টগ্রামে পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, মনে করেন ৩০ শতাংশ মার্কিন ইহুদি ঘুষ নেওয়ার অপরাধে চীনা সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড ইউক্রেনের ড্রোন ঠেকাতে স্টারলিংকের সিগন্যাল জ্যাম করছে রাশিয়া ছোট সরালির কথা রামগতিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু একই সময়ে দিনের আলোয় বিশ্বের ৯৯ শতাংশ মানুষ বন্ধু তুমি শত্রু তুমি বৈদ্যুতিক যান আমদানি ও উৎপাদনে নীতিমালা হচ্ছে চবিতে বিষধর সাপের দংশনের শিকার শিক্ষার্থী, জলাবদ্ধতায় ব্যাহত চিকিৎসা চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সুফল মিলবে কবে? অশ্রুই মেসির জয়ের ভাষা সঞ্চয় লুট, শেষ হলো বাকপ্রতিবন্ধী ববির লড়াই এই আর্জেন্টিনা শুধুই মেসিনির্ভর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত, মেয়ে আহত টানা বর্ষণে যশোরে দুর্ভোগ বৃষ্টিতে বন্ধ ট্রেন, কক্সবাজার রেলপথের  সংস্কারের মান নিয়ে প্রশ্ন অজেয় ফ্রান্সের সামনে মরক্কো ফ্রান্সের বিপক্ষে কোনো চমক নয়: ওয়াহবি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে ঢামেক হাসপাতাল সীতাকুণ্ডে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত ময়মনসিংহ নগরী: এত প্রকল্প, তবু কেন জলমগ্ন ‘আর্জেন্টিনা অজেয় নয়’ সুইস কোচের হুংকার লক্ষ্যমাত্রা পূরণে এনবিআর কঠোর হলেও ঘাটতির আশঙ্কা বিশেষজ্ঞদের

চবিতে বিষধর সাপের দংশনের শিকার শিক্ষার্থী, জলাবদ্ধতায় ব্যাহত চিকিৎসা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:২৪ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ এএম
চবিতে বিষধর সাপের দংশনের শিকার শিক্ষার্থী, জলাবদ্ধতায় ব্যাহত চিকিৎসা
আশরাফুল বিষধর সাপের দংশনের শিকার। ছবি: খবরের কাগজ

টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী বিষধর সাপের দংশনের শিকার হয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার প্রস্তুতি থাকলেও নগরজুড়ে জলাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। ফলে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নিতে হচ্ছে।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দংশনের শিকার আশরাফুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রাত সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাকসুর আবাসন ও যোগাযোগ সম্পাদক ইসহাক ভুঁইয়া। তিনি বলেন, টিউশন শেষে ক্যাম্পাসে ফেরার পথে খালেদা জিয়া হল সংলগ্ন এলাকায় আশরাফুল বিষধর সাপের দংশনের শিকার হন।

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, সাপে দংশনের সঙ্গে সঙ্গেই আমরা কয়েকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। তবে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া প্রয়োজন। কিন্তু নগরে জলাবদ্ধতা থাকায় তাকে সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসাইন বলেন, 'ঘটনার বিষয়ে আমরা অবগত আছি এবং শিক্ষার্থীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। কিন্তু জলাবদ্ধতার কারণে আপাতত চট্টগ্রাম শহরে নেওয়া যাচ্ছে না। পরিস্থিতি অনুকূলে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

আক্রান্ত শিক্ষার্থীর সহপাঠী উদয় খীসা জানান, বর্তমানে আশরাফুলের অবস্থা স্বাভাবিক আছে কিন্তু একবার বমি করেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে, এ ঘটনার পর আবারও ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে টানা বৃষ্টিতে ঝোপঝাড় ও সড়কে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে।

শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রতিটি সড়কে দ্রুত শক্তিশালী সড়কবাতি স্থাপন, ঝোপঝাড় পরিষ্কার এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি উদ্যোগ দাবি করেছেন।

আল আরাফ/আজহার/

টানা বৃষ্টিতে চবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১০:২২ এএম
টানা বৃষ্টিতে চবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ভারী বর্ষণ/ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া এবং বিরাজমান জলাবদ্ধতা ও পরিবহন সংকট অব্যাহত থাকায় বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষার স্থগিতাদেশ বহাল থাকবে।   

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, 'চলমান ২১টি বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।'

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন বলেন, 'এখন মূল সমস্যা হচ্ছে পানি। এ কারণেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। শাটল চলার কোনো সম্ভাবনা নেই। পানি কমলে চলাচল শুরু হতে পারে। তবে পানি নেমে যাওয়ার পরও রেল কর্তৃপক্ষ রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে।"

প্রশাসন ও চাকসু সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে নগরের মুরাদপুর এলাকায় রেললাইনের ওপর প্রায় ১৬ ইঞ্চি পানি জমে রয়েছে। রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে ফেলা হলেও অতিরিক্ত পানির কারণে শাটল ট্রেন চালু করা সম্ভব হয়নি।

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান বলেন, 'রেলওয়ের নিয়ম অনুযায়ী পানি প্রায় ৪ ইঞ্চিতে নেমে না আসা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। রাতের শাটল চলবে কি না, সে বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যাবে।'

অতিবৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়কের একটি অংশে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে, যা ওই সড়কে চলাচলে ঝুঁকি তৈরি করেছে।

আল আরাফ/তামান্না রুপা/

টানা বৃষ্টিতে বিপর্যস্ত চুয়েট, ক্লাস-পরীক্ষা স্থগিত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:২৭ পিএম
টানা বৃষ্টিতে বিপর্যস্ত চুয়েট, ক্লাস-পরীক্ষা স্থগিত
খবরের কাগজ গ্রাফিকস

টানা তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস কার্যত স্থবির হয়ে পড়েছে। ক্যাম্পাসজুড়ে জলাবদ্ধতা, প্রবল বাতাসে গাছ উপড়ে পড়া, অভ্যন্তরীণ সড়ক ধসে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের দুর্ভোগের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ ও ৯ জুলাই সকল লেভেল ও টার্মের ক্লাস স্থগিত ঘোষণা করেছে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল ও অভ্যন্তরীণ সড়কের পাশে বৃষ্টির পানি জমে রয়েছে। কবি কাজী নজরুল ইসলাম হলের মাঠ প্রায় সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও সড়ক ও ফুটপাতের পার্থক্য বোঝার উপায় নেই। ফলে শিক্ষার্থীদের এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে প্রবল বাতাসে উপাচার্য ভবনের সামনের একটি সড়কে বড় একটি গাছ উপড়ে পড়ে। এতে ওই পথে যানবাহন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং পুরো এলাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

শুধু জলাবদ্ধতাই নয়, টানা বর্ষণের কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন অভ্যন্তরীণ সড়কের একটি অংশ প্রায় দেড় ফুট দেবে গেছে। সড়কের নিচে থাকা কালভার্টের ওপর ধস নামায় ঝুঁকি এড়াতে ধসে পড়া অংশ বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং রাতে সতর্কতার জন্য সেখানে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শহর থেকে প্রতিদিন যাতায়াতকারী শিক্ষার্থীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। বিভিন্ন সড়কে পানি জমে থাকায় যানবাহনের গতি কমে যায়, কোথাও কোথাও যোগাযোগও বিঘ্নিত হয়। এর প্রভাব পড়ে ক্লাস ও পরীক্ষায়। নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে না পারায় অনেক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিভাগে উপস্থিতির হারও ছিল স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম।

পুরকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবজিৎ দাস গুপ্ত বলেন, “শহর থেকে ক্যাম্পাসে আসতে আজ অনেক কষ্ট হয়েছে। বিভিন্ন সড়কে পানি জমে থাকায় যাতায়াত অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন।”

পানিসম্পদ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, “সড়কটি আমাদের হলসংলগ্ন হওয়ায় এটি গুরুত্বপূর্ণ চলাচলের পথ। বিকল্প সড়ক দিয়ে যেতে হলে অনেকটা ঘুরে যেতে হয়। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এটি সংস্কারের উদ্যোগ নেবে।”

এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৮ ও ৯ জুলাই সকল বিভাগের সকল লেভেল ও টার্মের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী লেভেল-১, টার্ম-২ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বহাল থাকবে। তবে অন্যান্য লেভেল ও টার্মের পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট বিভাগগুলো নিজ উদ্যোগে গ্রহণ করবে।

স্থাপত্য বিভাগের দ্বিতীয় শিক্ষাবর্ষের শিক্ষার্থী চিরন্তন কুমার সরকার বলেন, “প্রশাসনের উচিত আরও দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আগ মুহূর্তে সিদ্ধান্ত হওয়ায় বিশেষ করে শহর থেকে আসা শিক্ষার্থীদের এ বৃষ্টিতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আমাদের জানালে সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় একাডেমিক সিদ্ধান্ত নেওয়া হবে। উপড়ে পড়া গাছটি আবহাওয়া অনুকূলে এলেই দ্রুত সরিয়ে ফেলা হবে।”

সড়ক ধসের বিষয়ে তিনি বলেন, “এখানে বড় ধরনের কাজ করতে হবে। এখন বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। বৃষ্টি থামলে আগে দেখতে হবে কালভার্টের ভিত্তি ঠিক আছে কিনা। ভিত্তি অক্ষত থাকলে দ্রুত মাটি ভরাট করে সংস্কার করা যাবে, আর ক্ষতিগ্রস্ত হলে নতুন পরিকল্পনা নিতে হবে। যেহেতু এই সড়ক দিয়ে কয়েকটি ছাত্রাবাসের শিক্ষার্থীরা চলাচল করে, তাই দ্রুত সংস্কারের বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

ছুটি বাড়ানোর সম্ভাবনার বিষয়ে তিনি আরও বলেন, “আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকলে ছুটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল কিংবা শুক্রবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সেক্ষেত্রে আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে বলে আশা করছি।”

উল্লেখ্য, টানা তিন দিনের ভারী বর্ষণে চুয়েট ক্যাম্পাসে জলাবদ্ধতা, অবকাঠামোগত ক্ষতি ও যোগাযোগ বিঘ্নিত হওয়ায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে সকল ক্লাস স্থগিত করেছে।

ইবাদ হোসেন/এসএন

জাতির পথনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য: ডেপুটি স্পিকার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম
জাতির পথনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য: ডেপুটি স্পিকার
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: খবেরর কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) গণতন্ত্র রক্ষা ও জাতির সঠিক পথনির্দেশনার প্রধান কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায় এবং জাতি গঠনের অন্যতম প্রধান কেন্দ্র। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশের যখনই কোনো দুর্যোগ বা সংকট এসেছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে।’

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে তুলে ধরে বলেন, ‘অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষার আগে আমার ক্লাসের পারসেন্টেজ কম ছিল। তখন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার আমাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেননি। আমি তৎকালীন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ স্যারসহ অনেক শিক্ষকের দ্বারস্থ হয়েছিলাম। ভিসি স্যার অনুরোধ করলেও চেয়ারম্যান স্যার নিয়মের প্রতি অটল ছিলেন।’

স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান স্যার সেদিন আমাকে ডেকে বলেছিলেন- তোমাকে যদি আজ অ্যালাউ করি, জীবনে কখনোই নিয়মানুবর্তিতা শিখবে না। আমি চাই তুমি এক বছর আবার ক্লাস করে রেগুলার পরীক্ষা দিয়ে পাস করো। পরের বছর সারা বছর ক্লাস করে আমি পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন, ডিসিপ্লিন লাইফ লিড করলে জীবনে অনেক বড় হতে পারবে। উনাদের সেই শৃঙ্খলার শিক্ষাই আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।’

এসময় বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ড. শারমিন জাহান চৌধুরী এবং নবীনদের পক্ষে মো. তাওহীদ হামিদ ও তাসমিহা জামান সুস্মিতা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে খেলাধুলায় বিশেষ কৃতিত্বের জন্য জয় কুমার দাসকে এ্যাথলেটিক রোল অব অনার দেয়া হয়। এছাড়া, বিভিন্ন ক্যাটাগরিতে সহ-শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্বের জন্য ২৬জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরিফ জাওয়াদ/এসএন

জুলাই একদিনে সংঘটিত হয়নি, আবার আওয়ামী লীগের পতনও একদিনে হয়নি : ডা. জাহেদ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম
জুলাই একদিনে সংঘটিত হয়নি, আবার আওয়ামী লীগের পতনও একদিনে হয়নি : ডা. জাহেদ
ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই একদিনে সংঘটিত হয়নি, আবার আওয়ামী লীগের পতনও একদিনে হয়নি। আমরা যদি সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনের দিকে তাকাই, তাহলে দেখব সরকার পতনের সঙ্গে গৃহযুদ্ধ সৃষ্টি হয়েছে। কোথাও সরকার পতন হয়েছে, কোথাও দীর্ঘ সংঘাত চলেছে। আবার সব দেশে সরকার পতনও হয় না।

বুধবার (৮ জুলাই) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘মননে জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি কম্বোডিয়ার উদাহরণ টেনে বলেন, “কম্বোডিয়ায় হুন সেন দীর্ঘ সময় ক্ষমতায় থেকে ২০২৩ সালে তার ছেলে হুন মানেতের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। শেখ হাসিনাও তার শাসনব্যবস্থা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন। তিনি ক্ষমতা ছাড়লে ছেলে, মেয়ে কিংবা পরিবারের অন্য সদস্যের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা নিজেদের মধ্যেই ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি, কারণ বাংলাদেশে বিএনপি নামে একটি রাজনৈতিক দল ছিল, যারা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানিয়ে গেছে।”

জুলাই আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন হঠাৎ করে হয়নি, তেমনি জুলাই আন্দোলনও কোনো আকস্মিক ঘটনা নয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি ধারাবাহিকভাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে, যার ধারাবাহিকতায় জুলাই আন্দোলন গড়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “এই জুলাই কোনো একজন ব্যক্তি বা একদিনের অবদানে সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ধরে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের আর্তনাদ, বৈষম্যের শিকার মানুষের ক্ষোভ, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততায় আন্দোলন পূর্ণতা পেয়েছে। জুলাইয়ের একটাই লক্ষ্য ছিল স্বৈরাচারী শাসনের অবসান।”

তিনি আরো বলেন, “জুলাই সফল হওয়ার পর নানা ধরনের মতামত ছিল। কেউ বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করতে চেয়েছেন, কেউ সংবিধান স্থগিত রেখে বিপ্লবী সরকার গঠনের কথা বলেছেন, আবার কেউ নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছেন। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই কাজ করছি।”

তিনি বলেন, “একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছি আমরা। সরকারের ভুল-ত্রুটি থাকতে পারে, তবে সেগুলো সংশোধন করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন।

এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুজাহিদ/এএফ

ইবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
ইবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫ বছরেরও অধিক সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২  শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ। 

বুধবার (৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আহ্বায়ক, সিনি: যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক। 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মেহমুদ হাসান উৎস, আশিক ইকবাল, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের কমিটি হয়েছে এজন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং আইনমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে চাই, এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।  

এসএন/