ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
সোনারগাঁয় চেকপোস্টের সামনে ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট চট্টগ্রামে পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, মনে করেন ৩০ শতাংশ মার্কিন ইহুদি ঘুষ নেওয়ার অপরাধে চীনা সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড ইউক্রেনের ড্রোন ঠেকাতে স্টারলিংকের সিগন্যাল জ্যাম করছে রাশিয়া ছোট সরালির কথা রামগতিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু একই সময়ে দিনের আলোয় বিশ্বের ৯৯ শতাংশ মানুষ বন্ধু তুমি শত্রু তুমি বৈদ্যুতিক যান আমদানি ও উৎপাদনে নীতিমালা হচ্ছে চবিতে বিষধর সাপের দংশনের শিকার শিক্ষার্থী, জলাবদ্ধতায় ব্যাহত চিকিৎসা চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সুফল মিলবে কবে? অশ্রুই মেসির জয়ের ভাষা সঞ্চয় লুট, শেষ হলো বাকপ্রতিবন্ধী ববির লড়াই এই আর্জেন্টিনা শুধুই মেসিনির্ভর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত, মেয়ে আহত টানা বর্ষণে যশোরে দুর্ভোগ বৃষ্টিতে বন্ধ ট্রেন, কক্সবাজার রেলপথের  সংস্কারের মান নিয়ে প্রশ্ন অজেয় ফ্রান্সের সামনে মরক্কো ফ্রান্সের বিপক্ষে কোনো চমক নয়: ওয়াহবি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে ঢামেক হাসপাতাল সীতাকুণ্ডে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত ময়মনসিংহ নগরী: এত প্রকল্প, তবু কেন জলমগ্ন ‘আর্জেন্টিনা অজেয় নয়’ সুইস কোচের হুংকার লক্ষ্যমাত্রা পূরণে এনবিআর কঠোর হলেও ঘাটতির আশঙ্কা বিশেষজ্ঞদের আর্জেন্টাইন রেফারি নিয়ে চিন্তিত নন দেশম মেসি কি আর পেনাল্টি নেবেন? ৯ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৯ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ৮ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

সীতাকুণ্ডে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ এএম
সীতাকুণ্ডে  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত
টানা বর্ষণে ডুবে গেছে সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার সড়ক। হাঁটুপানি মাড়িয়ে গন্তব্যে ছুটছেন কলেজশিক্ষার্থীরা/ ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের বাদামতল এলাকায় হাঁটুপানিতে দাঁড়িয়ে আছেন সুভাষ চক্রবর্তী নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি। অপেক্ষা করছেন বৃষ্টি কমে যাওয়ার। টানা বৃষ্টিতে তার বসতঘর হাঁটুপানিতে তলিয়ে গেছে। কথা হয় সুভাষ নামের সেই ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘ঘরের ভেতর হাঁটুসমান পানি। আলমারি, সোফা সব ডুবে গেছে। খাটের ওপর চেয়ার তুলে প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি। রান্নাঘরের চুলাও পানির নিচে। রান্না করা যাচ্ছে না।

কিন্তু না খেয়ে তো থাকা যায় না। তাই চাল-ডাল নিয়ে প্রতিবেশীর ঘরে রান্না করছি।’ শুধু সুভাষ চক্রবর্তী নন, টানা বৃষ্টিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। অতিবর্ষণের পাশাপাশি পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন।

বাঁশবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আলিম বলেন, ‘টানা বৃষ্টিতে পুরো এলাকায় দুর্ভোগ নেমে এসেছে। অনেকের বসতঘর ও রান্নাঘরে পানি ঢুকে পড়েছে। এমন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পরিস্থিতি আগে খুব কমই দেখা গেছে।’ একই কথা বলেন জাহেদ নামের আরেক বাসিন্দা। 

টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন এলাকার সড়কে পানি উঠেছে। সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার নামার বাজার ডুবে গেছে। এতে সৈয়দপুর, মুরাদপুর ইউনিয়নের ১০-১২ গ্রামের হাজারও মানুষ দুর্ভোগে পড়েছেন। এদিকে উপজেলার সৈয়দপুর, বারৈয়ারঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া এলাকার বিভিন্ন সড়কে ও বসতঘর পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া সলিমপুর ইউনিয়নের লতিফপুর, ভাটিয়ারী ইউনিয়নের রেলস্টেশন এলাকা, সোনাইছড়ি ইউনিয়নের অন্তত তিনটি গ্রাম, কুমিরা ইউনিয়নের পাঁচটি গ্রাম এবং পৌরসভার সোবহানবাগসহ কয়েকটি ওয়ার্ডে পানি উঠেছে। এদিকে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

অন্যদিকে অতিবর্ষণের ফলে উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় চলাচলের একটি সড়ক ভেঙে পড়েছে। একই অবস্থা ভাটিয়ারী ইউনিয়নে। এই ইউনিয়নের জঙ্গল ভাটিয়ারী আশ্রয়ণ প্রকল্পের ১৫২টি পরিবারের মধ্যে ১২০টিরও বেশি ঘরে পানি ঢুকেছে। প্রবল স্রোতের কারণে নিরাপদ স্থানে যেতে পারেননি এসব পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে পাহাড়ের চূড়ায় কৃষকদের টংঘরে আশ্রয় নিয়েছেন। 

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, ‘জঙ্গল ভাটিয়ারী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় প্রতিবছরই ভারী বর্ষণে তাদের দুর্ভোগ হয়। পাহাড়ি ঢল নামলে ঘর ছেড়ে পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নিতে হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি নিরাপদ আশ্রয়ের জন্য একটি বিদ্যালয় খোলা রাখা হয়েছে।’

সীতাকুণ্ড আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ১৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগে গত রবিবার ৫৯ মিলিমিটার, সোমবার ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। 

সীতাকুণ্ড আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান বলেন, ‘গত এক দিনে ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও এক দিন ভারী বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।’ 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, ‘একটানা বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে এক-দুই ঘণ্টা বৃষ্টি না হলে অধিকাংশ জায়গার পানি নেমে যাবে। কোথাও স্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গল সলিমপুরসহ পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসতিদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। এসব এলাকায় ত্রাণ সহায়তাও পৌঁছে দেওয়া হচ্ছে।’

সোনারগাঁয় চেকপোস্টের সামনে ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১০:১১ এএম
সোনারগাঁয় চেকপোস্টের সামনে ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট
ভুক্তভোগী আরমান। ছবি খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় চেকপোস্টের সামনেই জাপান প্রবাসীর তিনটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ ৩০ লাখ টাকার স্বর্ণ লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতরা।   

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরমান (৪০) ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে। তিনি স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জাপানে ফেরার উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে ফেনী থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে সঙ্গে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। লুট হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেলআরোহী জানান, তিনি একই পথে যাওয়ার সময় কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সামনে এগোননি। কিছুক্ষণ পরই ওই মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি মহাসড়কের মূল সড়কে নয়, বরং মহাসড়কের পাশের একটি নিচু সড়কে ঘটেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ঘটনাস্থল থানা পুলিশের চেকপোস্টের সামনে বলে শুনেছি।

ইমরান হোসেন/আজহার/

চট্টগ্রামে পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১০:১১ এএম
চট্টগ্রামে পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরের চশমা হিল এলাকায় পাহাড়ধসে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (৮ জুন) দুপুরে নগরের চশমা হিল এলাকায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বারবার মাইকিং, প্রচার-প্রচারণা ও সরাসরি অনুরোধ করে আসছে। এরপরও অনেকেই ঝুঁকি নিয়ে পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান করছেন, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, একটি প্রাণও অমূল্য। সাময়িক কষ্ট হলেও সবাইকে নিজেদের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। কোনো অবস্থাতেই পাহাড়ধসের ঝুঁকি নিয়ে বসবাস করা উচিত নয়।

মেয়র বলেন, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব সময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে চলুন, গুজবে কান দেবেন না। পাহাড়ধসের আশঙ্কা দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন। সচেতনতা ও সতর্কতাই পারে মূল্যবান প্রাণহানি রোধ করতে।

তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে পাহাড়ধসপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার এবং ঝুঁকিতে থাকা মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এর আগে বুধবার (৮ জুলাই) দুপুরে নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় পাহাড়ধসে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর সোয়া ১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির নাম- সুমাইয়া। সে ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

জানা গেছে, পাহাড়ধসের সময় সুমাইয়া ও তার মা-বাবা ঘরেই ছিলেন। ধসের সময় মা-বাবা ঘর থেকে বের হয়ে গেলেও পাশের ঘরে থাকা সুমাইয়া বের হতে পারেনি।

ইফতেখারুল ইসলাম/খাদিজা রুমি/

রামগতিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ এএম
রামগতিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নিহত দুই শিশু  মাইশা ও মুজাহিদ

লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে মাইশা আক্তার (সাড়ে ৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচাতো ভাই বোন।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকারপাড়ায় এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুজাহিদ ও মাইশা পুকুর পাড়ে একসঙ্গে খেলছিল। এ সময় মুজাহিদ পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে মাইশাও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। 

উপজেলার মেডিকেল অফিসার মাসুদ জাহান জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তারা দুইজনই মারা গেছে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যার পর দুই শিশুকে দাফন করা হয়েছে।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সুফল মিলবে কবে?

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ এএম
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সুফল মিলবে কবে?
ছবি: খবরের কাগজ

টানা বর্ষণে বারবার ডুবছে চট্টগ্রাম। তিন দিন ধরে নতুন নতুন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যসহ নগরজুড়ে নেমে আসছে স্থবিরতা। দুই দিনে পাহাড় ও দেয়ালধসে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংস্থা চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রায় ৯৮ শতাংশ শেষ হওয়ার কথা বললেও কার্যত এর সুফল পাচ্ছেন না নগরবাসী। এতে ভোগান্তির পাশাপাশি জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মূলত চার কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। তা হলো কর্ণফলীর সঙ্গে বিভিন্ন খালের মুখে নির্মিত সব জলকপাট সচল না করা, জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধি, আবর্জনা ও পলিথিন ফেলে খাল-নালা ভরাট এবং অতিরিক্ত বৃষ্টিপাত। 

জানা গেছে, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ১৪ হাজার ৩৮৯ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে ৮ হাজার ৩২৬ কোটি টাকা ব্যয়ে সিডিএর মেগা প্রকল্পের আওতায় নগরীর ৩৬টি খালের খনন ও সংস্কারকাজ চলছে, যার মধ্যে ৩০টি খালের সম্পূর্ণ এবং ৫টি খালের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। হিজড়া খালের অগ্রগতি ৬৮ শতাংশ। প্রকল্পে ডিজাইন অনুযায়ী ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। 

সরেজমিনের দেখা যায়, চট্টগ্রামের চকবাজার চক সুপার মার্কেট এলাকায় পাশের খাল থেকে পানি প্রবেশ করছে। এতে আশপাশে দোকান পাট ও মার্কেটে পানি জমেছে। ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। এ অবস্থা বিরাজ করছে গত সোমবার থেকে। কাঁচা বাজারসহ প্রায় এক হাজারে বেশি দোকান পানিতে তলিয়ে গেছে। সড়ক দিয়ে পায়ে হাঁটা ও গাড়ি চলাচলের অবস্থা নেই।

প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ কুতুব উদ্দিন খবরের কাগজকে বলেন, কর্ণফুলী নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জোয়ারের সময় বৃষ্টি হলে সে পানি আর নামতে পারে না। এতে সাময়িক জলাবদ্ধতা হয়। বৃষ্টির সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সড়কে পানি জমার প্রধান কারণ। 

চকবাজার কাঁচাবাজারের শুঁটকি ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, তিন দিন ধরে ক্রেতা নেই। দোকানে পানি প্রবেশ করায় অনেক মাল নষ্ট হয়ে গেছে। এখানে আশপাশে প্রায় এক হাজারের বেশি দোকানে পানি ঢুকেছে। রাতে পানি ঢোকায় পণ্য নষ্ট হয়েছে। 

দুপুরে চক সুপার মার্কেটের সামনের সড়কে জলাবদ্ধতা নিরসনে পানিপ্রবাহের বাধা অপসারণ করছিলেন চসিকের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাব্বির ইসলাম ফারুক। তিনি খবরের কাগজকে বলেন, পানি চলাচলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বাসাবাড়ির ময়লাভর্তি পলিথিন। দোকান বা মার্কেটের সামনের এ ধরনের পতিবদ্ধতা যদি ব্যবসায়ীরা দূর করে দেন, তাহলে জলাবদ্ধতা থাকবে না। প্রত্যেকের নাগরিকের দায়িত্ব পালন করা উচিত। 
জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ। সারা দিন সড়কে যানবাহন কম থাকায় বেশি ভাড়া আদায় করেছে গণপরিবহনগুলো।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড। সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন খবরের কাগজকে বলেন, ‘প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। এরপরও জলাবদ্ধতা হচ্ছে। এর কারণ হিসেবে আমাদের ৩০ বছর আগের সময়ে ফিরে যেতে হবে। সে সময় চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা হতো না। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পাহাড় কাটা, খাল দখল, অবৈধ ভবন নির্মাণ করে বসবাসের অনুপযোগী করে তুলেছিল। প্রকল্পের কাজ করার সময় প্রায় সাড়ে ৫ হাজার ভবন ভাঙা হয়। হিজড়া খালের সংস্কারের সময়ও ১০৬টি ভবন ভাঙা হয়েছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ 

তিনি জানান, চট্টগ্রামে বিভিন্ন খালের মুখে ৩৯টি জলকপাট স্থাপন করা হয়েছে। যার অনেকটি এখনো সচল হয়নি। এসব জলকপাট পুরাপুরি সচল থাকলে জলাবদ্ধতা থাকবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নালা-নর্দমা পরিষ্কার করা সিডিএর কাজ নয়। সিডিএর প্রধান কাজ অবকাঠামো উন্নয়ন করা। সিটি করপোরেশনসহ সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সিডিএ।

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী বলেন, ‘দীর্ঘ চার দশকের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের কারণে নগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা হচ্ছে শুধু পানি চলাচলে বাধার কারণে। তদারক করতে আমাদের ৬ সদস্যবিশিষ্ট ১৬টি টিম কাজ করছে।’ 

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গতকাল বেলা ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৭৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। সকালে বঙ্গোপসাগরে জোয়ার ছিল ৪ দশমিক ৫২ মিটার, যা বাতাস ও বৃষ্টিতে বৃদ্ধি পেয়ে আরও দুই মিটার পর্যন্ত বেড়েছে। এ ছাড়া ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় চট্টগ্রামের পাহাড়গুলোতে মারাত্মক পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

তিনি জানান, মেঘ বিস্ফোরণে চট্টগ্রাম ও আশপাশ অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। তিন দিনের প্রায় ৭৬৮ দশমিক ৩ (বেলা ৩টার হিসেবে) মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা মাত্রার চেয়ে অনেক বেশি।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরীতে গত সোমবার থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবার কিছু নতুন এলাকাতেও পানি জমেছে। নগরীর নিউ মার্কেট, রেয়াজউদ্দিন বাজার এবং আগ্রাবাদ, পাঠানটুলিতে পানি জমেছে। মুরাদপুরের জলাবদ্ধতা ছিল দীর্ঘদিনের সমস্যা। সিডিএর মেগা প্রকল্পের আওতায় সেখানে খাল খনন ও সংস্কার করার ফলে গত বছর মুরাদপুরে জলাবদ্ধতা হয়নি। কিন্তু গতকাল সকালে সেখানে ফের জলাবদ্ধতা হয়েছে। 
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ জানায়, নালা ও খালগুলো পরিষ্কার রাখতে সর্বাত্মক চেষ্টা চালছে। গতকাল রাতে র‌্যাপিড অ্যাকশন টিম গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খুলেছে চসিক। 

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরীতে ভারী বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। নিম্ন আয়ের মানুষ, সাধারণ মানুষ খুবই কষ্ট পেয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ আসলে বলেকয়ে আসে না। আমি নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা যেন সবাই ধৈর্য ধারণ করি। চট্টগ্রামে একসময় পাহাড়ধস হতো। সবাই সাবধানে থাকার কারণে এখনো পাহাড়ধস হয়নি। সবাইকে সচেতন থাকতে হবে ভারী বর্ষণে কেউ বাইরে যাবেন না। গতকালসহ আগের তিন দিনে প্রায় সাড়ে ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সার্বক্ষণিক মাঠে রয়েছি।’ 

সঞ্চয় লুট, শেষ হলো বাকপ্রতিবন্ধী ববির লড়াই

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ এএম
সঞ্চয় লুট, শেষ হলো বাকপ্রতিবন্ধী ববির লড়াই
ববি বেগম/ ছবি: খবরের কাগজ

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে ২৫ বছর ধরে ববি বেগম নামে এক ৭০ বছরের বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্টেশনের একটি ছোট কক্ষেই ছিল তার বসবাস। ছিল না কোনো আত্মীয়স্বজন। বয়সের ভার ও বাকপ্রতিবন্ধকতা নিয়েও তিনি নিষ্ঠার সঙ্গে স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন।

সামান্য বেতন ও যাত্রীদের সহযোগিতায় চলত তার জীবন। কিন্তু গত শনিবার রাতে এক নির্মম ঘটনার মধ্য দিয়ে ববি বেগমের জীবনে নেমে আসে অন্ধকার। দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। এ সময় তার দীর্ঘদিনের জমানো সঞ্চয়ের টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। আহত ববিকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মেথিকান্দা রেলস্টেশনের স্টেশনমাস্টার এস এম জসিম বলেন, ‘বিষয়টি আমাদের গভীরভাবে শোকাহত করেছে। দীর্ঘ ২৫ বছর আগে ববি বেগম এই স্টেশনে আসেন। তখন থেকেই তিনি পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। হঠাৎ তার ওপর হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। বিষয়টি জানার পর পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও তার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত  সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন তিনি।’

এ ঘটনায় গত সোমবার সহকারী স্টেশনমাস্টার শাহীন মিয়া ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করেন।  এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, ‘এ মানবিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ওই রাতে একটি সিএনজিযোগে দুর্বৃত্তরা আসে। তবে কারও মুখ পরিষ্কারভাবে শনাক্ত করা যায়নি। শুধু একজন ব্যক্তির আংশিক চেহারা দেখা গেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বৃদ্ধা তিন দিন ধরে

মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মানবিক দিক বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ ববি বেগমের পাশে দাঁড়ানোর হয়। তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছিল। পাশাপাশি জীবনের বাকি সময় তিনি যেন স্টেশনের ওই কক্ষেই নিরাপদে থাকতে পারেন সে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা গেছেন। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’