সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি দেখা দেয়। তবে ঘাটতি থাকলেও চলতি অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরে কোনো ছাড় দেওয়া হয়নি প্রতিষ্ঠানটিকে। উল্টো দেশের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে চলতি অর্থবছরের শুরু থেকেই রাজস্ব আদায়ে আটঘাট বেঁধে নেমেছে এনবিআর। এরই মধ্যে রাজস্ব আদায় বাড়াতে একগুচ্ছ কৌশল নির্ধারণ করেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
অর্থনীতির বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, গত অর্থবছরে কর জিডিপি অনুপাত কমেছে। এনবিআরের সক্ষমতা বাড়েনি। রাজস্ব খাতের বেশির ভাগ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি বাড়তে পারে।
এনবিআর সূত্র জানায়, চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এনবিআরের কাছ থেকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায় করা হবে। এর মধ্যে আয়, মুনাফা ও মূলধনের ওপর কর ২ লাখ ১৯ হাজার ৮৩৫ কোটি টাকা, মূল্য সংযোজন কর বা ভ্যাট ২ লাখ ২৮ হাজার ৯১৫ কোটি টাকা, সম্পূরক শুল্ক ৮২ হাজার ২৮৩ কোটি টাকা, আমদানি শুল্ক ৬১ হাজার ৯৩৯ কোটি টাকা, রপ্তানি শুল্ক ৯৯ কোটি টাকা, আবগারি শুল্ক ৭ হাজার ২৮৫ কোটি টাকা এবং অন্যান্য কর ৩ হাজার ৬৪৪ কোটি টাকা আদায়ের হিসাব কষা হয়েছে।
চলতি অর্থবছরের শুরু থেকে অর্থ মন্ত্রণালয় এনবিআরের তিন শাখা আয়কর, ভ্যাট ও শুল্ক শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে কয়েক দফা বৈঠক করেছে। এসব বৈঠকে চলতি অর্থবছরে কোন কৌশলে রাজস্ব আদায় করতে এনবিআর কাজ করবে, তা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআর এসব দিকনির্দেশনা সামনে রেখে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ে একগুচ্ছ কৌশল নির্ধারণ করেছে।
সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় বাড়ানোর কৌশল হিসেবে সবচেয়ে গুরুত্ব দিতে যাচ্ছে নতুন করদাতা সংগ্রহে। এনবিআর কর্মকর্তাদের অভিযানে কারো ইটিআইএন এবং অনলাইনে ভ্যাট নিবন্ধন না থাকলে তাৎক্ষণিকভাবে নিবন্ধনের আওতায় নির্দেশ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে অর্থনীতিতে বেশ কয়েকটি নতুন খাত যুক্ত করা হয়েছে। এসব খাত থেকে রাজস্ব আদায়ের জন্য কঠোর নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজস্ব আদায়ের কৌশল হিসেবে চলতি অর্থবছরের শুরু থেকেই গোয়েন্দা তৎপরতা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষভাবে নামিদামি ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শনে এনবিআরের তিন গোয়েন্দা শাখা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং শুল্ক গোয়েন্দা শাখার কার্যক্রমে জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজস্ব আদায় বাড়াতে উৎসে রাজস্ব আদায় কার্যক্রমে গুরুত্ব বাড়াতে, আমদানি-রপ্তানি পর্যায়ে মিথ্যা ঘোষণা ও অবমূল্যায়ন সম্পর্কিত কার্যক্রম পর্যবেক্ষণে জোরদারেও নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব ফাঁকি উদ্ঘাটনে নজরদারি বাড়ানোর সঙ্গে সঙ্গে করদাতাদের সঙ্গে খাতভিত্তিক আলোচনার মাধ্যমে কর প্রদানে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এনবিআর মাঠপর্যায়ের কর্মকর্তাদের সততায় এবং জবাবদিহি নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণে নির্দেশ দিয়ে করদাতাদের হয়রানি না করতে সতর্ক করা হয়েছে।
রাজস্ব আদায় বাড়াতে জরিপের মাধ্যমে অনিবন্ধিত প্রতিষ্ঠান চিহ্নিত করে নিবন্ধিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যকর করাসহ উচ্চ আদালতে অনিষ্পন্ন মামলা দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে। এ বিষয়ে অভিজ্ঞ আইন বিশেষজ্ঞদের সহযোগিতা নিতে বলা হয়েছে। বকেয়া পরিশোধে সর্বোচ্চ ৩ বারের বেশি সময় না বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজস্ব আদায় বাড়াতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহায়তা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বছরে এনবিআর থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছে চিঠি পাঠিয়ে তাদের সদস্যদের অনলাইনে ভ্যাট নিবন্ধন নম্বর গ্রহণে উৎসাহিত করতে বলা হয়েছে।
বিগত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই এনবিআরের চেয়ারম্যান হিসেবে আবদুর রহমান খানকে নিয়োগ করা হয়। বিভিন্ন ইস্যুতে সাবেক চেয়ারম্যানের সঙ্গে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের দূরত্ব বাড়তে থাকে। একপর্যায়ে এনবিআর বিভক্তি ঘিরে আন্দোলন শুরু হয়। প্রায় ৭/৮ মাস এনবিআরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। রাজস্ব আদায় কার্যক্রম চালু হওয়ার পরও এনবিআরে অস্থিরতা থামে না। হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়।
শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন প্রতিষ্ঠানের তদন্তের আওতায় আনা হয়। অনেকের চাকরি সাময়িকভাবে স্থগিত করা হয়। এসবের নেতিবাচক প্রভাব পড়ে সমগ্র রাজস্ব আদায়ে। রাজস্ব ঘাটতি বাড়তে থাকে। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা। নতুন সরকার দেশের দায়িত্ব গ্রহণ করতে না করতেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা দেখা দেয়। জ্বালানিসংকট চরমে ওঠে। আন্তর্জাতিক ক্রয়াদেশ কমতে থাকে। শিল্পে বিনিয়োগে ধস নামে। বেসরকারি খাতে ঋণের প্রবাহ রেকর্ড পরিমাণে কমে যায়। গত অর্থবছরের শেষ মাস জুনে রপ্তানি আয় কিছুটা বাড়লেও ওই অর্থবছরের মোট রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় কমেছে। এসবের প্রভাবে রাজস্ব আদায় কমেছে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ খবরের কাগজকে বলেছেন, দেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা এবং রাজস্ব আহরণের সাম্প্রতিক প্রবণতা বিবেচনায় এনবিআরের চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত কঠিন হবে। গত অর্থবছরে যেসব কারণে রাজস্ব আদায়ে ধস নেমেছে সেসব সংকটের বেশির ভাগ এখনো বিদ্যমান আছে। সংকট থাকবে তার মধ্যেও লক্ষ্যমাত্রা পূরণে চেষ্টা চালিয়ে যেতে হবে।
অর্থনীতির এই বিশ্লেষক বলেন, লক্ষ্য পূরণের চাপ শেষ পর্যন্ত নিয়মিত করদাতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরই এসে পড়তে পারে। আগের মতোই যারা নিয়মিত কর ও ভ্যাট দেন তাদের ওপর চাপ বাড়বে। এ ধারা থেকে সরে আসার চেষ্টা করতে হবে এনবিআরকে।
একই আশঙ্কা করে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক খবরের কাগজকে বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আহরণের যে লক্ষ্য ধরা হয়েছে, সেখানে অন্ততপক্ষে এক লাখ কোটি টাকার ঘাটতি থাকতে পারে।