কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও শিশু সন্তানকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার আরেক সন্তান আহত অবস্থায় চিকিৎসাধীন।
বুধবার (৮ জুলাই) রাত দেড়টার দিকে উখিয়ার ৬নং রোহিঙ্গা ক্যাম্পের বি/৬ ব্লকে এ ঘটনা ঘটে।
স্ত্রী ও সন্তানকে গলাকেটে হত্যার পরেই স্বামী এহেতাসামুল হক (৩৭) পালিয়ে গেছেন।
নিহতরা হলেন- কুতুপালং ৬নং রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের এহেতাসামুল হকের স্ত্রী শহীদ নুর সুফিয়া (৩০) ও তার সন্তান মোহাম্মদ শামীম (৫)। এ ঘটনায় তার বড় সন্তান মো. আফছার বাপ্পীও (১৪) আহত হয়েছে।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ হুসাইন জানান, গভীর রাতে পারিবারিক কলহের একপর্যায়ে এহেতাসামুল হক ক্ষিপ্ত হয়ে ধারালো দা- ছুরি দিয়ে স্ত্রী ও দুই ছেলের ওপর হামলা চালান। তিনি তাদের গলা কেটে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী নুর সুফিয়া ও ছোট ছেলে শামীমের মৃত্যু হয় এবং বড় ছেলে মো. আফছার বাপ্পী গুরুতর আহত হয়।
স্থানীয় রোহিঙ্গারা গুরুতর আহত বড় ছেলেকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিদুয়ানুল হক সোহাগ/তামান্না রুপা/