আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইশোস্পিডের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৩ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার বিশ্বকাপের শেষ-৩২ এর ম্যাচে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন গ্যালারিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা তাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংস্থাটি অবিলম্বে তদন্ত শুরু করেছে।
২১ বছর বয়সী আইশোস্পিডের আসল নাম ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র। ইউটিউবে তার প্রায় ৫৭ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং টিকটকে ৫৩ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে। চলমান টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ তিনি সরাসরি সম্প্রচার করছেন। তার সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সাবেক তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচকেও দেখা গেছে।
আইশোস্পিডের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেপ ভার্দের জার্সি পরে গ্যালারিতে অবস্থান করার সময় এক আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপরই তার প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগ সামনে আসে।
ফিফা তাদের বিবৃতিতে বলেছে, ‘ফিফা বিশ্বকাপ ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। এটি বিশ্বের বিভিন্ন দেশ, সংস্কৃতি ও জনগোষ্ঠীকে একত্রিত করে। যারা এসব মূল্যবোধকে ক্ষুণ্ন করবে, ফুটবলে তাদের কোনো স্থান নেই।’
পাপ্পু/রিফাত/