বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর বিশ্বকাপের আয়োজক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মিশরের কোচ হোসাম হাসান। তার দাবি, বিপণনমূলক (মার্কেটিং) স্বার্থে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চায় ফিফা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে হাসান বলেন, ‘তারা আর্জেন্টিনা ও মেসিকে বিশ্বকাপে রাখতে চায়, কারণ এতে মার্কেটিং সুবিধা রয়েছে। যদি তারা আর্জেন্টিনাকে জেতাতেই চায়, তাহলে অন্য দলগুলোকে কেন আমন্ত্রণ জানানো হয়?’
মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে মিশর প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।
ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিশর কোচ। তার অভিযোগ, মিশর একটি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং মোস্তফা জিকোর গোল বাতিলের সিদ্ধান্তও সঠিক ছিল না।
হাসান বলেন, ‘এই ম্যাচ পরিষ্কারভাবে সাজানো ছিল, পুরো বিশ্ব তা দেখেছে। আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো খেলেছি। ফুটবল ফেয়ার নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটি পরিষ্কার পেনাল্টি দেওয়া হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর গোলও বাতিল করা হয়েছে, যদিও সেটি সম্পূর্ণ বৈধ ছিল।’
রেফারিংয়ের প্রতিবাদ জানিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচ না দেখার কথাও জানান মিশরের কোচ।
তিনি বলেন, ‘প্রতিবাদের অংশ হিসেবে এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দেখব না। খেলোয়াড়দের বলেছি, আমি তাদের জন্য গর্বিত। তারা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করতে পারে।’
ফিফার ‘ফেয়ার প্লে’ নীতি নিয়েও প্রশ্ন তোলেন হাসান। তিনি বলেন, ‘ফিফা ফেয়ার প্লে প্রচার করে, কিন্তু মাঠে আমরা তা দেখতে পাই না।’
এদিকে ম্যাচ পরিচালনায় থাকা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের নিয়োগ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মিশর কোচ। তার দাবি, রেফারির পটভূমি বিবেচনায় ম্যাচের আগেই তাদের আপত্তি ছিল। সূত্র: গালফ টুডে
এসজি/