ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৪২ বছরের ইতিহাসে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড বোয়ালমারীতে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাজেকে আটকা ৬০০ পর্যটক, আশ্রয়কেন্দ্রে ৮০৪ জন জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে ৯মাসের শিশুর মৃত্যু প্রথম এআই-চালিত সাইবার হামলা ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন মোনাশ আর্জেন্টিনা-মিসর ম্যাচে ভিএআর বিতর্ক: কী বলছে ফিফার নিয়ম? পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট থেকে চলবে অভিযাত্রী কমিউটার সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন চাঁদপুরে ৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে ডুবে গেছে কার্গো পাটগ্রামে পাওনা ১০০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা কিশোরগঞ্জে  লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা লুট মোনাফিকদের চেনার সুনির্দিষ্ট কিছু আলামত হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার অবস্থা উত্তরণে কৌশল নির্ধারণ জরুরি চট্টগ্রামে পাহাড়ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু সিলেটে ৩০ ঘণ্টায় ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড দিনাজপুরে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন আর্জেন্টিনার জয়ের মানসিকতা ও নেইমারকে পারেদেসের বার্তা যুবদল ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: মোনায়েম মুন্না পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি টেকনাফে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে মেমোরি চিপের সংকট ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ টাটকার চেয়ে বাসি খেলে লাভ এই ৩ খাবার জনবল নেবে সোনারগাঁও হোটেল, দ্রুত আবেদন করুন

এইচএসসিতে ঝরে পড়ার হার উদ্বেগজনক অবস্থা উত্তরণে কৌশল নির্ধারণ জরুরি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:১১ পিএম
অবস্থা উত্তরণে কৌশল নির্ধারণ জরুরি

চলতি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষায় এবার অনুপস্থিতি আগের তুলনায় কয়েক গুণ বেশি। বিষয়টি শিক্ষাসংশ্লিষ্টদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশ পরীক্ষা দেওয়ার জন্য ফরমই পূরণ করেনি। দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিল প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। তাদের মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী, অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখ পরীক্ষায় অংশ নিচ্ছে না। প্রথম তিন দিনের অনুপস্থিতির সংখ্যাটি যোগ করলে পরীক্ষা না দেওয়া পরীক্ষার্থীর সংখ্যা আরও বেশি হবে। এমন ব্যাপক অনুপস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাব্যবস্থার কঙ্কাল বেরিয়ে এসেছে। এখন প্রয়োজন এ সমস্যা থেকে বেরিয়ে আসার কৌশল দ্রুত নির্ধারণ করা।

সাম্প্রতিক বছরগুলোতে উচ্চমাধ্যমিকে অনুপস্থিতির হার ক্রমাগত বাড়ছে। বিভিন্ন বোর্ডের তুলনামূলক অনুপস্থিতির হার দেখলেই তা অনুমান করা যায়। প্রথমত, ১১টি শিক্ষা বোর্ডে ২০২৫ সালের পরীক্ষার প্রথম দিন ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ২০২৪ সালে প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৫ হাজার ২০৩ পরীক্ষার্থী। এর আগের বছর ২০২৩ সালে আটটি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ৫২২ জন। ওই বছর বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরে শুরু হয়েছিল।

এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কারের সংখ্যাও বেড়েছে। তা ছাড়া বিপুলসংখ্যক পরীক্ষার্থী ঝরে পড়ার সঙ্গে সঙ্গে হাজারও স্বপ্ন ঝরে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ হারে ঝরে পড়ার কারণ খুঁজে বের করা দরকার। সরকারকে তা বুঝতে হবে। আমরা কতটা যোগ্য শিক্ষক নিয়োগ দিতে পেরেছি, সেটাও দেখতে হবে। আমাদের শিক্ষক, অভিভাবক- সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা জন্মেছে যে, রাস্তায় নামলেই সবকিছু পেয়ে যাবে। ২০২৪ সালের আন্দোলনের পর শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে পড়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। 
সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশই অংশ না নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শ্রেণিকক্ষে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, অন্যদিকে এখন পরীক্ষা সঠিকভাবে হচ্ছে। সবকিছু মিলিয়ে এবার হয়তো কিছুসংখ্যক ছাত্রছাত্রী চিন্তা করেছে... বিগত দিনের মতো প্রস্তুতি ছাড়া কেউ যেতে (পরীক্ষার হলে) পারছে না। সে জন্য বোধহয় হারটি বেড়েছে। কিন্তু এটি খুব খারাপ ইন্ডিকেটর (সূচক)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য শিক্ষক প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান খবরের কাগজকে বলেন, সরকারের বর্তমান নকলবিরোধী অবস্থানের কারণে যাদের প্রস্তুতি ভালো নয়, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সরকারের এ উদ্যোগকে কেউ কেউ সমালোচনা করছে বা ট্রল করছে। তবে দীর্ঘ মেয়াদে ভালো হয়েছে। নকলবিরোধী অবস্থানের কারণে উপস্থিতি কমেছে, কিন্তু কঙ্কালটা বেরিয়ে এসেছে, শিক্ষাব্যবস্থার চিত্রটা উঠে এসেছে। এই ক্ষত শুকাতে এখন সরকারকে কৌশল নির্ধারণ করতে হবে।

এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের একটি বড় অংশের অনুপস্থিতি মনে করিয়ে দেয় শিক্ষাব্যবস্থার মূলে কিছু পদ্ধতিগত সমস্যা রয়েছে। এ ছাড়া পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত কারণ থাকতে পারে। এ অবস্থার উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আশঙ্কার বিষয় হবে বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হবে এবং তারা অদক্ষ মানবসম্পদে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে। আশা করছি, সরকার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ কৌশল নির্ধারণ করবে।

নিষ্পত্তি হচ্ছে না রাজস্ব মামলা এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে

দেশে বহু রাজস্ব মামলা এখনো আদালতে পড়ে আছে। এসব মামলাজট দীর্ঘদিনের বিষয়। ২০১১ সালে মামলাজট কমানোর জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি প্রবর্তন করা হলেও এ পদ্ধতি সফল হতে পারেনি। প্রায় ৩১ হাজার রাজস্ব মামলা অনিষ্পত্তি থাকায় প্রায় ১ লাখ কোটি টাকার রাজস্ব অনাদায়ি রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন মামলা। ফলে অনাদায়ি রাজস্বের পরিমাণও দিনে দিনে বাড়ছে। রাজস্ব আইন ও বিধির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া এবং কর নির্ধারণে মতপার্থক্যের কারণে মামলা বাড়ছে। অর্থনীতির বিশ্লেষকরা রাজস্ব মামলা নিষ্পত্তি না হওয়ার অন্যতম কারণ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দক্ষতা ও সক্ষমতার অভাবকে দায়ী করেছেন।

রাজস্ব মামলা নিষ্পত্তিতে বিলম্ব হওয়ার বেশ কিছু কারণ রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এর মধ্যে দায়িত্বরত এনবিআর কর্মকর্তাদের মামলা সম্পর্কে ধারণা কম থাকা, এনবিআরের প্রস্তুতির অভাব, আদালতে সময়মতো তথ্যপ্রমাণ উপস্থাপন করতে না পারা, মামলা শেষ হওয়ার আগেই দায়িত্বরত কর্মকর্তার বদলির বিষয়গুলো জড়িত। অর্থনীতিবিদরা বলছেন, অভিজ্ঞ আইনজীবীদের ফি বেশি থাকে। কিন্তু রাজস্ব মামলা পরিচালনায় বাজেট কম থাকে। এত স্বল্প বাজেটে অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে রাজস্ব মামলা পরিচালনায় কম অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবী নিয়োগ দিতে বাধ্য হয়। এতে করে মামলা পরিচালনায় দক্ষতার ঘাটতি পরিলক্ষিত হয়। অনেক সময় এনবিআরের তদন্তেও মামলায় বিপক্ষদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এনবিআরসংশ্লিষ্টদের মামলায় সময়ক্ষেপণে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। 
এনবিআরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আদালতে আয়কর, মূসক ও শুল্ক-সংক্রান্ত মোট মামলার সংখ্যা ৩১ হাজার ৭০০টি। জড়িত অর্থের পরিমাণ ৯৯ লাখ ৭০০ কোটি টাকা। কমপক্ষে ৪ হাজার ৭০০ করসংক্রান্ত মামলার বিপরীতে জড়িত অর্থের পরিমাণ অন্তত ৩৫ হাজার ৭০০ কোটি টাকা। মূসকের মামলার সংখ্যা ১১ হাজারের বেশি। জড়িত অর্থের পরিমাণ ৩৮ হাজার কোটি টাকার বেশি। শুল্কের মামলার সংখ্যা ১৫ হাজারের বেশি। এর মধ্যে শুধু চট্টগ্রামেই ১২ হাজার মামলা চলমান। জড়িত অর্থের পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকা।

তথ্যমতে, সবচেয়ে বেশি মামলা আছে বর্তমানে হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগে শুধু ভ্যাট-সংক্রান্ত মামলা আছে প্রায় ৪ হাজার ৫০০, যেখানে রাজস্ব জড়িত আছে প্রায় ২৩ হাজার কোটি টাকা। ভ্যাট অফিস, অ্যাটর্নি জেনারেলের অফিস এবং আদালত একত্রে ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করে অন্তত সমজাতীয় মামলাগুলো নিষ্পত্তি করা যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অভিযোগ উঠেছে, এনবিআরের অদক্ষতায় নিষ্পত্তি হচ্ছে না রাজস্ব মামলা। তাই রাজস্ব মামলা নিষ্পন্ন করতে হলে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এনবিআরকে ঢেলে সাজিয়ে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। কর নির্ধারণ, মূল্যায়ন ও রিটার্ন যাচাইয়ের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে হবে, যাতে ব্যক্তিনির্ভর সিদ্ধান্তের সুযোগ কমে যায়। এতে করদাতা ও কর প্রশাসনের মধ্যে বিরোধ কমে আসবে এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে। এনবিআরসংশ্লিষ্টদের মামলায় সময়ক্ষেপণে জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি এনবিআরসংশ্লিষ্টদের কৌশলী ও দক্ষ করে গড়ে তুলতে ও প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। আশা করি, সরকার দেশের মানুষের হয়রানি কমাতে এবং রাজস্ব বাড়াতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ভূমিকম্প-ঝুঁকিতে বাংলাদেশ পূর্বপ্রস্তুতি ও সতর্কতা জরুরি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম
পূর্বপ্রস্তুতি ও সতর্কতা জরুরি

সম্প্রতি নানা মাত্রার ভূমিকম্পে কেঁপেছে দেশের বিভিন্ন অঞ্চল। কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে একাধিকবার ভূমিকম্প জনসাধারণের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের উৎপত্তিস্থল বা উপকেন্দ্র যখন রাজধানীর একেবারে দোরগোড়ায়, তখন এই উদ্বেগ আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সব জায়গায়। অনেকের কাছে এই ঘন ঘন মৃদু ঝাঁকুনিগুলো সাময়িক বা বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও ভূতত্ত্ববিদদের মতে, এটি একটি ভয়াবহ সতর্কবার্তা। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ভূমিকম্প-ঝুঁকিতে থাকা দেশের জন্য এটি চিন্তার বিষয়। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার প্রলয়ংকারী জোড়া ভূমিকম্প বিশ্ববাসীর মনে আতঙ্ক ছড়িয়েছে। ভূমিকম্প এমন একটি মহাবিপর্যয়, যা নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে সঠিক পূর্বপ্রস্তুতি ও সতর্কতার মাধ্যমে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।

ভূতাত্ত্বিক অবস্থানগত কারণে বাংলাদেশ ভূমিকম্প-ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশের উত্তর ও পূর্বে ভারতীয়, ইউরেশীয় ও বার্মিজ প্লেটের সংযোগস্থল বা বাউন্ডারি রয়েছে, যা রিখটার স্কেলে ৮ মাত্রারও বেশি শক্তিশালী মেগা আর্থকোয়েক তৈরি করতে সক্ষম। বিশেষ করে মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং সিলেট-চট্টগ্রামের সাবডাকশন জোনগুলো দীর্ঘ সময় ধরে ভূগর্ভে বিপুল পরিমাণ শক্তি সঞ্চয় করে চলেছে। বিজ্ঞানী ও দুর্যোগ বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে বাংলাদেশে যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। বিশেষ করে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় অসংখ্য ভবন ধস এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ঢাকা-চট্টগ্রাম বা সিলেটের মতো মেগা সিটিগুলোয় অপরিকল্পিত আবাসন এবং ভবন নির্মাণ বিধিমালা বা রাজউকের নিয়ম লঙ্ঘনের এক ভয়াবহ প্রতিযোগিতা রয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জরিপ অনুযায়ী ঢাকার অর্ধেকের বেশি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। কিন্তু আমরা ভূমিকম্প মোকাবিলার জন্য কোনো ধরনের প্রস্তুতিই ভালোভাবে সম্পন্ন করতে পারিনি। যদিও গত বৃহস্পতিবার নগর ভবনে আয়োজিত এক সভায় ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কার্যকর প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় ভূমিকম্পসহ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সিটি করপোরেশন, রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু ভূমিকম্পের ফলে মানবিক বিপর্যয় ও ধ্বংসাত্মক অবস্থা নিরূপণ করে যথাসম্ভব প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা খুবই জরুরি।

গত কয়েক বছরে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেলেও ভূমিকম্প মোকাবিলার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। নগর পর্যায়ে নিয়মিত মহড়ার অভাব, উদ্ধার সরঞ্জামের সীমাবদ্ধতা, প্রশিক্ষিত উদ্ধারকর্মীর স্বল্পতা এবং বিল্ডিং কোড বাস্তবায়নের দুর্বলতা উদ্বেগজনক। এ অবস্থায় বড় ধরনের ভূমিকম্প ঘটলে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোকে ভয়াবহ বিপর্যয় দেখতে হবে এবং বাস্তব পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।

রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ শহরে সরু গলিতে যাতে ফায়ার সার্ভিসের গাড়ি সহজে পৌঁছাতে পারে, সে জন্য দীর্ঘমেয়াদি নগর পুনর্বাসন পরিকল্পনা ও রাস্তা প্রস্তুতকরণ প্রকল্প হাতে নিতে হবে। ভবন নির্মাণের ক্ষেত্রে শতভাগ ভূমিকম্প-সহনীয় প্রযুক্তির সঠিক প্রয়োগ হচ্ছে কি না, তা মাঠপর্যায়ে কঠোরভাবে তদারকি করতে হবে। ভূমিকম্পের মতো এমন একটি দুর্যোগ মোকাবিলা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে অন্য স্টেক হোল্ডারদের নিয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, রাজউক এবং নগর পরিকল্পনাবিদদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও বাস্তবায়ন সেল গঠন করতে হবে। আশা করছি, সরকার একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ভূমিকম্প মোকাবিলায় সক্ষমতার পরিচয় দেবে।

বিদ্যুৎ বিলে গ্রাহক ভোগান্তি স্বস্তি ফেরাতে পদক্ষেপ নিন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
স্বস্তি ফেরাতে পদক্ষেপ নিন

দেশের বিভিন্ন স্থানে অস্বাভাবিক বিদ্যুৎ বিলে গ্রাহক ভোগান্তি বাড়ছে। একদিকে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, অন্যদিকে প্রিপেইড ও ডিজিটাল বিদ্যুৎ মিটারে অস্বাভাবিক বিল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিদিন অসংখ্য গ্রাহক অতিরিক্ত অর্থ কেটে নেওয়ার অভিযোগ তুলছেন। খবরের কাগজের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যেও জনদুর্ভোগের এ রকম চিত্র ফুটে উঠেছে। ভুক্তভোগীদের দাবি, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে তৈরি করা এই অস্বাভাবিক বিলের বোঝা তাদের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। পাবনা প্রতিনিধির তথ্যমতে, মিটার রিডিং না করে জুন মাসে মনগড়া ও ‘ভূতুড়ে’ অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন কাশীনাথপুর জোনাল ও সাথিয়া সাব-জোনাল অফিসের বিরুদ্ধে। হঠাৎ করে বিদ্যুৎ বিল দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে যাওয়ায় চরম ক্ষোভ ও বিপাকে পড়েছেন বেড়া ও সাথিয়া উপজেলার শত শত সাধারণ গ্রাহক। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুতের দাম বাড়লেও বিলের অঙ্ক যেভাবে লাফিয়ে বেড়েছে, তা কোনোভাবেই স্বাভাবিক নয়। এদিকে সারা দেশের বেশ কিছু উপজেলায় দুই মাস ধরে বিদ্যুৎ অফিস ঘেরাও, ভাঙচুর ও মানববন্ধন হয়েছে কয়েক দফা। সারা দেশে বিদ্যুৎ বিলের নামে ডাকাতির ঘটনায় গ্রাহকদের ক্ষোভ প্রকাশের পর বিদ্যুৎ বিভাগও নড়েচড়ে বসেছে। বিদ্যুৎ বিভাগ অস্বাভাবিক বিলের প্রকৃত কারণ অনুসন্ধান, অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত অভিযোগ নিরসনে বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি বা হটলাইনে যোগাযোগের জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎসংকটের দ্বিমুখী চাপে অতিষ্ঠ হয়ে উঠছেন গ্রাহকরা। কয়েক মাস ধরে গ্রাহকদের পক্ষ থেকে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ রয়েছে। বিশেষ করে মে-জুন মাসে বিলের নামে গ্রাহকদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা কেটে নেওয়া হয়েছে। তাদের মতে, বিদ্যুতের ব্যবহার প্রায় আগের মতো থাকলেও বিল বেড়েছে দ্বিগুণ, কোথাও কোথাও এর থেকেও বেশি। এ ধরনের অভিযোগ বর্তমানে রাজধানী থেকে বিভাগীয় শহর, জেলা থেকে উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের মুখে মুখে। অন্যদিকে শহরের তুলনায় গ্রামে বেশি লোডশেডিং হওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। গ্রাহকরা বলছেন, কাঙ্ক্ষিত বিদ্যুৎ না পেয়েও কেন তাদের অস্বাভাবিক বিলের বোঝা বহন করতে হবে। শুধু বিলের পরিমাণ নয়, রিচার্জের পর কোন খাতে কত টাকা কাটা হচ্ছে, তা নিয়েও অসন্তোষ রয়েছে। গ্রাহকদের অভিযোগ, ভ্যাট, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও অন্য খাতে অর্থ কেটে নেওয়া হলেও তার স্বচ্ছ হিসাব অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় না। ফলে প্রকৃত বিদ্যুৎ বিল ও অতিরিক্ত চার্জের পরিমাণ সম্পর্কে তারা নিশ্চিত হতে পারছেন না।

জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিশ্লেষকদের মতে, বিষয়টিকে বিচ্ছিন্ন অভিযোগ বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ডিজিটাল মিটারের সফটওয়্যার, কনফিগারেশন, ওভার-রিডিং কিংবা বিলিংব্যবস্থায় কোনো ত্রুটি বা অনিয়ম রয়েছে কি না, তা স্বাধীনভাবে তদন্ত করা জরুরি। ডিজিটালব্যবস্থায় যদি অনিয়ম ঘটে থাকে, তবে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। আগে অনিয়ম হতো ম্যানুয়ালি, এখন হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। 
জ্বালানি বিশেষজ্ঞ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম খবরের কাগজকে বলেন, রাষ্ট্রীয় সংস্থায় দুর্নীতি বন্ধ না হলে জনগণের সঙ্গে এসব প্রতারণা চলতে থাকবে। বিদ্যুৎ খাতে বর্তমান সংকট কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও জবাবদিহির অভাবের ফল। বিদ্যুৎ খাতে কাঠামোগত অনিয়ম, দুর্নীতি ও অপচয় বন্ধ না করলে শুধু গ্রাহকের ওপর অতিরিক্ত মূল্য চাপিয়ে এই সংকট কাটানো সম্ভব নয়। যারা অনিয়মের মাধ্যমে রাষ্ট্র ও ভোক্তার ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পুরো খাতে কার্যকর জবাবদিহি নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিল নিয়ে যে তুঘলকি কাণ্ড ঘটছে, তা সরকারকে খতিয়ে দেখতে হবে। বিশেষ করে ডিজিটালব্যবস্থায় যদি অনিয়ম থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। গ্রাহকদের এ ধরনের ভোগান্তি থেকে স্বস্তি দিতে বিদ্যুৎ খাতে কাঠামোগত অনিয়ম, দুর্নীতি, অপচয় রোধকল্পে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারলে সাধারণ গ্রাহকদের স্বস্তি ফিরে আসবে।

বর্ষার আগেই বিপৎসংকেত জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা নিন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা নিন

রাজধানীতে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। গত কয়েক দিন সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন সড়ক অলি-গলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলজটে কোথাও যান চলাচল ব্যাহত হচ্ছে, আবার কোথাও হাঁটুসমান পানিতে চলাচল করতে বাধ্য হচ্ছেন নগরবাসী। পরিস্থিতির জন্য অপরিকল্পিত বর্জ্যব্যবস্থাপনাকে দায়ী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রাপ্ত হিসাব মতে, রাজধানীতে প্রতিদিন প্রায় সাড়ে সাত হাজার টন বর্জ উৎপন্ন হয়, এর প্রায় ১৫ শতাংশই প্লাস্টিকজাত। এসব প্লাস্টিক, পলিথিন অন্য বর্জ্যের বড় অংশ শেষ পর্যন্ত গিয়ে জমা হয় ড্রেন, নালা খালে। ফলে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হয় এবং সামান্য বৃষ্টিতে ড্রেন উপচে পানি রাস্তায় উঠে আসে। অনেক স্থানে ড্রেনের অস্তিত্ব থাকলেও পলি ময়লার স্তূপে সেগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য গত দেড় দশকে একের পর এক প্রকল্প হাতে নেওয়া হলেও সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো পানির নিচে তলিয়ে যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই স্থায়ী সমাধানের কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। এদিকে জলাবদ্ধতা নিরসনে নতুন করে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, শুধু খাল খনন বা ড্রেন পরিষ্কার করলেই সমস্যার সমাধান হবে না। ঢাকার পানি নিষ্কাশনব্যবস্থার পুরো শৃঙ্খলই বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত। সড়কের ক্যাচপিট থেকে শুরু করে ড্রেন, খাল, স্লুইসগেট, পাম্প স্টেশন এবং নদীতে পানি প্রবাহের প্রতিটি ধাপেই রয়েছে নানা প্রতিবন্ধকতা। কোথাও অবৈধ দখল, কোথাও বর্জ্যের স্তূপ, আবার কোথাও অবকাঠামোগত সীমাবদ্ধতা পুরো ব্যবস্থাকে অকার্যকর করে তুলছে। ফলে একটি অংশ সংস্কার করা হলেও অন্য অংশের সমস্যার কারণে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। ক্ষেত্রে নগরপরিকল্পনাবিদ   বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার কারণ শুধু অবকাঠামোগত দুর্বলতা নয়, বরং দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ এবং সমন্বয়হীন ব্যবস্থাপনা।

পরিকল্পনাবিদ ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক . আদিল মুহাম্মদ খান খবরের কাগজকে বলেন, ঢাকায় সম্প্রতি মাত্র ৫৪ মিলিমিটার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অথচ বর্ষা মৌসুমে ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত আমাদের দেশের জন্য স্বাভাবিক। সাধারণ বৃষ্টিতেই নগরজীবন অচল হয়ে পড়া প্রমাণ করে, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনে কোনো সমন্বিত কার্যকর পরিকল্পনা নেওয়া হয়নি। ওয়াসার প্রণীত মাস্টারপ্ল্যান সিটি করপোরেশনের কাছে দায়িত্ব হস্তান্তরের পর আর হালনাগাদ করা হয়নি। ফলে বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়হীনভাবে পরিচালিত হচ্ছে এবং জলাবদ্ধতা নিরসনে প্রত্যাশিত ফল মিলছে না। টেকসই সমাধানের জন্য আধুনিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে খাল সংস্কার, ড্রেনেজব্যবস্থার উন্নয়ন সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। জলাবদ্ধতা নিরসনের নামে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। তাই এসব প্রকল্পের অর্থ কোথায় ব্যয় হয়েছে কারা দায়ী সেসব বিষয়ে সুষ্ঠু তদন্ত করে জবাবদিহি প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা উচিত। তা না হলে জনগণের অর্থের অপচয় চলতে থাকবে, কিন্তু কাঙ্ক্ষিত সুফল মিলবে না।

প্রতিবছর বর্ষার মৌসুমে ধরনের জলাবদ্ধতা রাজধানীবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অবস্থা থেকে উত্তরণে সরকারকে স্বল্পমেয়াদি পরিকল্পনার পরিবর্তে টেকসই দীর্ঘমেয়াদি কার্যকর সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। টেকসই সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে। আশা করছি, সরকার একটি সঠিক পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে।

পোলাওয়ের চালের দামে নৈরাজ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৪২ এএম
সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন

পোলাওয়ের চালে অস্বাভাবিক দাম বাড়ায় ভোক্তারা চরম বিপাকে পড়েছেন। সম্প্রতি খবরের কাগজের বাজারদর তদারকিতে পণ্যটির কারসাজির প্রমাণ পাওয়া গেছে। ব্যবসায়ীরা এ পরিস্থিতির জন্য মিলমালিক, করপোরেট গ্রুপের সিন্ডিকেটকেই দায়ী করছেন। কিছু শিল্পগ্রুপ ও মিলমালিক মিলে শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে পণ্যটির বাজার নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। তারা দাম বাড়িয়ে বিক্রি করছেন। এর প্রভাব এখন বাজারে পড়ছে। অন্যদিকে করপোরেট গ্রুপের মালিকরা সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে দ্বিমত পোষণ করছেন। তারা বলছেন, সরকার রপ্তানির অনুমোদন দিয়েছে। তাই সব চাল রপ্তানি হয়েছে। চিনিগুঁড়া চালের উৎপাদন তুলনামূলক কম হয়। তাই এই চাল রপ্তানিতে অনেক সময় সরকারের নিষেধাজ্ঞা থাকে। মাঝে মাঝে বছরে এক থেকে দুবার নির্ধারিত পরিমাণ চিনিগুঁড়া চাল রপ্তানির অনুমতি দেয়। বিদেশে এ চালের ভালো চাহিদা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায় এই চালের চাহিদা বেশি। তারা বলছেন, করপোরেটদের হাতে চালের বাজার যায়নি। পুরো বাজারে ২ থেকে ৩ শতাংশ চাল করপোরেট প্রতিষ্ঠানের। বাংলাদেশের চালের বাজারে কিছু নিয়ন্ত্রণ আছে। লাইসেন্সিং, রিপোর্টিংয়ের ইস্যু আছে। খাদ্য অধিদপ্তরকে সবকিছুর হিসাব দিতে হয়।

অন্যদিকে খুচরা চাল বিক্রেতা ও রাইস মিলমালিকরাও চিনিগুঁড়া চালের এমন অস্বাভাবিক দাম বাড়ায় অবাক হয়েছেন। তাদের অভিযোগ করপোরেটরা প্যাকেটজাত করে ভালো মানের দোহাই দিয়ে ইচ্ছামতো দাম বাড়াচ্ছে। বাজারে চরম নৈরাজ্য চলছে। খবরের কাগজের সরেজমিন প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া গেছে। অন্যদিকে বর্তমান পরিস্থিতির দ্রুত নিয়ন্ত্রণে কঠোর তদারকি চায় ক্যাব। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন ভোক্তা অধিকার রক্ষায় সোচ্চার এ সংগঠনটির নেতারা।

কোরবানির ঈদের পর থেকে চিনিগুঁড়া চালের দাম বাড়ছে। আকিজ, স্কয়ার, প্রাণসহ বিভিন্ন কোম্পানির এই প্যাকেটজাত চাল ১৯০ টাকা ও বস্তার চাল ১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম আরও বেড়ে ২১০ টাকা হচ্ছে বলে অভিযোগ করছেন কারওয়ান বাজার ও রাজধানীর বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা। কিন্তু দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে পোলাওয়ের ধান বাজারে কেনাবেচা হচ্ছে না। ধানের দাম বাড়েনি। কয়েক মাস আগে কেনাবেচা হয়েছে ২ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা মণ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান খবরের কাগজকে বলেন, যেভাবে চালের দাম বাড়ছে, তা কোনোভাবেই কাম্য নয়। করপোরেট প্যাকেটজাতের নামে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেশি নিচ্ছে। এটা হতে পারে না। বেশি দাম নেওয়ায় অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন মামলা করেছে। সেটা মনে রাখতে হবে। বাজার কোনো নিয়ন্ত্রণে নেই। লুটপাট শুরু হয়েছে। ভোক্তাদের পকেট কাটা হচ্ছে। সরকারের দায়িত্বে যারা আছেন তারা কী করছেন?

পোলাওয়ের চালের দামে নৈরাজ্য ভাঙতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজারে শক্তিশালী করপোরেট সিন্ডিকেটের বিষয়ে যে অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার বাজার তদারকি না করলে সমস্যা আরও বাড়বে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন। এ ছাড়া কৃষক পর্যায়ে ধানের উৎপাদন খরচ কমাতে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে; যাতে ভোক্তারা কম দামে চাল কিনতে পারেন। আশা করছি, সরকার চালের নৈরাজ্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে।