ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
উখিয়ায় মাদরাসার উপর পাহাড়ধস, কয়েকজনের মৃত্যুর শঙ্কা আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৪২ বছরের ইতিহাসে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড বোয়ালমারীতে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাজেকে আটকা ৬০০ পর্যটক, আশ্রয়কেন্দ্রে ৮০৪ জন জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে ৯মাসের শিশুর মৃত্যু প্রথম এআই-চালিত সাইবার হামলা ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন মোনাশ আর্জেন্টিনা-মিসর ম্যাচে ভিএআর বিতর্ক: কী বলছে ফিফার নিয়ম? পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট থেকে চলবে অভিযাত্রী কমিউটার সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন চাঁদপুরে ৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে ডুবে গেছে কার্গো পাটগ্রামে পাওনা ১০০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা কিশোরগঞ্জে  লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা লুট মোনাফিকদের চেনার সুনির্দিষ্ট কিছু আলামত হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার অবস্থা উত্তরণে কৌশল নির্ধারণ জরুরি চট্টগ্রামে পাহাড়ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু সিলেটে ৩০ ঘণ্টায় ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড দিনাজপুরে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন আর্জেন্টিনার জয়ের মানসিকতা ও নেইমারকে পারেদেসের বার্তা যুবদল ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: মোনায়েম মুন্না পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি টেকনাফে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে মেমোরি চিপের সংকট ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ টাটকার চেয়ে বাসি খেলে লাভ এই ৩ খাবার

দিনাজপুরে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম
দিনাজপুরে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন
ছবি: খবরের কাগজ

দিনাজপুরে কখনো ভারি বর্ষণ, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে শহরের সড়কগুলোতে মানুষের চলাচল কমে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবিকায় এর প্রভাব পড়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (৮ জুলাই) সকাল পর্যন্ত আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। থেমে থেমে ভারী বৃষ্টির পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। শহরের বিভিন্ন সড়কে যানবাহনের চাপও ছিল তুলনামূলক কম।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পরিবহন খাতের শ্রমজীবী মানুষেরা। তারা জীবিকার তাগিদে রাস্তায় বের হলেও যাত্রীসংকটের কারণে কাঙ্ক্ষিত আয় করতে পারেননি। বৃষ্টির কারণে পথচারীদের উপস্থিতিও ছিল অনেক কম। এতে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডেও প্রভাব পড়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুল রহমান খবরের কাগজকে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীকালও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিও হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সুলতান মাহমুদ/থিওটোনিয়াস/

বোয়ালমারীতে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম
বোয়ালমারীতে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে এক ব্যবসায়ীকে মারধর, জোরপূর্বক দোকানে আটকে রাখা এবং নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার পরও প্রতিকার না পাওয়ার দাবি করেন ভুক্তভোগী।

বুধবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ করেন স-মিল ও ইটভাটার মালিক আহসানুল কবির (৬৩)।

সংবাদ সম্মেলনে মো. মাসুদ (৪০), মো. মামুন (৩৮), আজিজুর রহমান (৫৫) এবং মো. মিজান মোল্লার (৪৫) বিরুদ্ধে মারপিট, আটক ও ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।

আহসানুল কবির বলেন, অভিযুক্তদের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। গত ৪ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর যাওয়ার সময় মাসুদ ও মামুন তার গাড়ির দরজা খুলে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং বাকিরা তাকে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে মাসুদ তার কাছ থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং দলিলপত্র নেন।

তিনি জানান, তাকে জোরপূর্বক কাপড়ের দোকানে আটকে রাখা হয়। খবর পেয়ে তার স্ত্রী থানায় সহায়তা চাইলেও তাৎক্ষণিক সাড়া না পেয়ে, মেয়ের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ তার ফাইলটি উদ্ধার করলেও ভেতরে থাকা নগদ টাকা পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।

আহসানুল কবির বলেন, এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দিলেও চার দিন পেরিয়ে গেলেও কোনো আইনি অগ্রগতি হয়নি।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার অভিযোগ তদন্ত করা হচ্ছে।

এনকেবি নয়ন/থিওটোনিয়াস/

সাজেকে আটকা ৬০০ পর্যটক, আশ্রয়কেন্দ্রে ৮০৪ জন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
সাজেকে আটকা ৬০০ পর্যটক, আশ্রয়কেন্দ্রে ৮০৪ জন
ছবি: খবরের কাগজ

রাঙামাটিতে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ধসের শঙ্কায় ঝুঁকিতে থাকা রাঙামাটি পৌর এলাকা, রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই ও বাঘাইছড়ি উপজেলার ১৬টি আশ্রয়কেন্দ্রে ৮০৪ জন আশ্রয় নিয়েছেন।

এদিকে সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে ৬০০ পর্যটক আটকা পড়েছেন। খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেক ও বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণদেব বর্মণ বলেন, ‘বৃষ্টিপাত বন্ধ হলে পানি নেমে গেলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে। তখন পর্যটকেরা গন্তব্যে যেতে পারবেন।’

এ ছাড়া নিরাপত্তাজনিত শঙ্কায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত, প্রাথমিক বিদ্যালয় বন্ধ এবং অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। রাঙামাটি আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বৃষ্টিপাতে স্বস্তির খবর দিয়েছে কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বাড়ায় উৎপাদন সংকটে পড়া ২৪২ মেগাওয়াট সক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু করা হয়েছে। এতে উৎপাদিত ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৬০ ফুট এমএসএল (মিন সি লেভেল)। তবে রুল কার্ভ অনুযায়ী এ সময়ে হ্রদে পানির উচ্চতা থাকার কথা ৮৫ দশমিক ১২ ফুট এমএসএল। এ ছাড়া কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় উপজেলাগুলোর সঙ্গে নৌ যোগাযোগের সংকট কাটতে শুরু করেছে।

তবে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বরকল, লংগদু, নানিয়ারচর, পৌর এলাকার নিম্নাঞ্চল এবং জুরাছড়ি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে জেলা শহরসহ ১০ উপজেলায় পাহাড়ধসের সতর্কতা জারি করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রচার চালাচ্ছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, জেলায় ৪৪টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম প্রস্তুত রয়েছে এবং পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরি কন্ট্রোল রুমও খোলা হয়েছে।

রিফাত/

জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে ৯মাসের শিশুর মৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে ৯মাসের শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুরে পাহাড়ে ভূমি ধসে ৯ মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুরে বাগানবাড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটে। 

শিশুটির ফুফা সাইদুর রহমান ড্রাইভার বলেন, প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে বসতঘরটি ভেঙে যায়। এ সময় ঘরে থাকা ৯ মাস বয়সের শিশুটি চাপা পড়ে মারা যায়। নবজাতকের মা লামিয়া বেগমও মাটি চাপায় আহত হন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।
 
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বলেন, সকালে পাহাড় ধসের ঘটনায় বাচ্চাটি মারা যায়। বসতঘরটিও পাহাড়ের মাটিতে চাপা পড়ে ভেঙে যায় বলে জানান তিনি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, পাহাড়ধসে বাচ্চাটির মৃত্যু হয়েছে। জঙ্গল সলিমপুর পাহাড়ি এলাকায় ঝূঁকিপূর্ণস্থানে বসবাসরতদের সরিয়ে যাওয়ার জন্য মাইকিং ও প্রচারণা চালানো হচ্ছে। 

মুসলেহ উদ্দীন/আজহার/

সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন
সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আহতরা। ছবি: খবরের কাগজ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ ও আশপাশের এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার সকাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

আহতরা হলেন- ইন্টার্ন চিকিৎসক তাসপিয়ানুল হক ও রেজা নিলয়। নগরীর বালুচর এলাকার আবরার হোসেন ও জাহিদ। ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী এবং রোগীর আরেক স্বজন আহত হয়েছেন। আহত সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে এক শিশুকে জরুরি বিভাগে আনার পর রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বে থাকা এক ইন্টার্ন চিকিৎসকের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হন।

তবে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা বাইরে থেকে আরও লোকজন এনে ওই ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালান। খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে জরুরি বিভাগে আতঙ্কের সৃষ্টি হয়।

এ ব্যাপারে ইন্টার্ন চিকিৎসক রাকিন হান্নান সংবাদ মাধ্যমকে জানান, আহত দুই ইন্টার্ন চিকিৎসকের একজনের অবস্থা গুরুতর। অন্যজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত রোগীর তিন স্বজনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির বলেন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে এ হামলার ঘটনার পর মঙ্গলবার রাত আড়াইটার দিকে পৃথক বিবৃতিতে হাসপাতালটির ইন্টার্ন ডক্টরস ফোরাম, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন এবং সাধারণ শিক্ষার্থীরা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। হামলার প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। একই সঙ্গে এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন।

ইন্টার্ন ডক্টরস ফোরাম, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা শুধু একজন চিকিৎসকের ওপর আঘাত নয়, এটি পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রমের ওপর আঘাত। চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইন্টার্ন ডক্টরস ফোরাম ও ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। পাশাপাশি দাবি পূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত হাসপাতালের সব ধরনের কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে সংগঠনটি।

সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়, হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর সংঘটিত ন্যক্কারজনক হামলার ঘটনায় আমরা, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কর্তব্যরত চিকিৎসকদের ওপর এ ধরনের হামলা শুধু একজন চিকিৎসকের ওপর আঘাত নয়, এটি সমগ্র স্বাস্থ্যসেবা ব্যবস্থার নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রমের ওপর সরাসরি আঘাত। চিকিৎসকরা প্রতিকূল পরিস্থিতিতেও সাধারণ মানুষের সেবা দিয়ে থাকেন। তাদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব।

এই ঘটনার সঙ্গে জড়িত সব দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, হাসপাতালের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। আমাদের ন্যায্য দাবিসমূহ পূরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করছি।

রিফাত/

চাঁদপুরে ৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে ডুবে গেছে কার্গো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
চাঁদপুরে ৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে ডুবে গেছে কার্গো
ছবি: খবরের কাগজ

বৈরী আবহাওয়ায় চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনার প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ৫ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। 

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাটসংলগ্ন মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

কার্গোটির চালক এরশাদ মাঝি জানান, মঙ্গলবার পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল এবং ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে ‘পারবো’ নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। বুধবার সকালে পুরানবাজার ঘাটের কাছাকাছি পৌঁছালে তিন নদীর মোহনায় তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটি পানিতে ডুবে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় কার্গোতে থাকা পাঁচজন শ্রমিক দ্রুত সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে নিয়ে ভিড়িয়ে রাখা হয়।

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের সাতজন ব্যবসায়ীর মালামাল। এ ঘটনায় তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, ’কার্গোডুবির বিষয়ে এখনো আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আপডেট জানানো হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ’কিছুক্ষণ আগে ঘটনাটি জেনেছি। দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি জানতে আমাদের নৌ-নিরাপত্তা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্যকে ঘটনাস্থলে খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে চাঁদপুরের তিন নদীর মোহনায় সৃষ্ট তীব্র ঘূর্ণিস্রোত ও প্রতিকূল নৌ-পরিবেশের কারণে প্রায়ই নৌযান দুর্ঘটনা ঘটে। তাই এ নৌপথে চলাচলকারী কার্গো ও অন্যান্য নৌযানকে বিশেষ সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন তারা।

ফয়েজ আহমেদ/আজহার/