দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার অভিযোগে জয়পুরহাটে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর দুইটার দিকে শহরের বাটার মোড়ে বিভিন্ন কলেজের সাধারণ পরীক্ষার্থীরা এই সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা বাটার মোড়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে। এতে শহরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
পরে শিক্ষার্থীরা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্ট এলাকায় গিয়ে আবারও সড়ক অবরোধ করে।
একপর্যায়ে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর জনভোগান্তির কথা বিবেচনা করে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। রাস্তার অন্য পাশে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে পরীক্ষা চাপিয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষামন্ত্রী দ্রুত পদত্যাগ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সাগর/এএফ