রাজস্ব আদায়ে রেকর্ড পরিমাণ ঘাটতি। ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বেড়েছে। রপ্তানি আয়ে নিম্নমুখী ধারা। এর মধ্যে মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ। সবকিছু মিলিয়ে আর্থিক সংকটে আছে সরকার। নিয়মিত খরচ চালিয়ে নিতেও হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ব্যয় কমাতে কৃচ্ছ্রসাধনের পথে হাঁটছে।
এরই মধ্যে নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে পৃথক সব প্রতিবেদন তৈরি করে অর্থমন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। এই প্রতিবেদনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা খতিয়ে দেখবে ওই প্রতিষ্ঠানের কোন কোন খাতে খরচ কমানো সম্ভব
অর্থমন্ত্রণালয় থেকে প্রতিবেদনের তথ্য যাচাইবাছাই করে মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। এরপর কোন প্রতিষ্ঠান কোন খাতে খরচ কমাবে তা চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের সরকারি গাড়িতে ব্যবহৃত জ্বালানি খরচ ৩০ থেকে ৫০ শতাংশ কমাতে বলা হয়েছে। এটি আরও কমানো যায় কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ এবং সভা বা সেমিনার ব্যয় ৫০ শতাংশ কমাতে বলা হয়েছে। এই ব্যয় ক্ষেত্রবিশেষ বন্ধ রেখে কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়গুলো ভেবে দেখতে বলা হয়েছে। এরই মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে জোর দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব সরকারি কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ব্যবহার ২০-৩০ শতাংশ পর্যন্ত কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খরচ আরও কমানো সম্ভব কি না তা নিয়েও হিসাব কষতে নির্দেশ দেওয়া হয়েছে। আসবাবপত্র ও কম্পিউটার কেনা সীমিত করা এবং আপ্যায়ন ব্যয় বন্ধ করার কথাও ভাবতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো নির্দেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় ব্যয় কমাতে প্রজ্ঞাপন জারি করলেই হবে না। এসব নির্দেশ সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে কি না তাও নজরদারি করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে জনসচেতনতা বাড়াতে হবে। এর জন্য রাষ্ট্রীয় উদ্যোগে প্রচার চালাতে হবে। প্রয়োজনে বিজ্ঞাপন, নাটক, আলোচনা অনুষ্ঠান বা এ-জাতীয় অনুষ্ঠান প্রচার করতে বলা হয়েছে।
সম্প্রতি এক সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। দেশের অর্থনীতি তলানিতে আছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। সরকার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো স্বাভাবিক না। সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে। এরই মধ্যে অনেক খাতের রাষ্ট্রীয় খরচ কমাতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও কীভাবে অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় ব্যয় কমানো যায়, তা নিয়ে সবাইকে সর্তক থাকতে হবে।
অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ির বদলে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত টয়োটা। জ্বালানি ও চালকের খরচও বহন করছেন নিজেই। একই সঙ্গে গাড়িবহরের আকার ১৩-১৪টি থেকে কমিয়ে ৪টিতে এনেছেন।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ খবরের কাগজকে বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য অতি প্রয়োজনীয়, কম প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় ব্যয় আছে। যেহেতু অভ্যন্তরীণ সম্পদ থেকে সরকারের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংক খাতে সরকারের নির্ভরতা বেড়েছে। মধ্যপ্রোচ্যের পরিস্থিতি ভালো না। তাই সরকারকে রাষ্ট্রীয় অর্থ খরচে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কঠোরভাবে বন্ধ করতে হবে। কম প্রয়োজনীয় ব্যয় কাটছাঁট করতে হবে।
একই মত জানিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি খবরের কাগজকে বলেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক টানাপোড়েন থামছে না। বিশ্বের অনেক দেশেই এর নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের দেশেও অর্থনৈতিক সংকট চলছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় ব্যয় কমানো সরকারের সঠিক সিদ্ধান্ত। সরকারের এই নির্দেশ সঠিকভাবে বাস্তবায়ন করা উচিত। সরকারেরও উচিত খরচ কমানোর সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা কঠোরভাবে নজরদারি করা।
৮ জুলাই অর্থ বিভাগ থেকে পরিপত্র জারি করে বলা হয়েছে, ‘সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার রাষ্ট্রীয় ব্যয় কমাতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এসব সিদ্ধান্ত সব সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য কার্যকর হবে।’
সরকারি ব্যয় কমাতে এক পরিপত্র জারি করে বলা হয়েছে, চলতি অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ রাখা হয়েছে। সরকারের উপসচিব থেকে শুরু করে উপরের স্তরের প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা গাড়ি কিনতে ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ পেতেন। সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনাও স্থগিত করা হয়েছে। সুদমুক্ত ঋণ নিয়ে যেসব সরকারি কর্মকর্তা গাড়ি কিনেছেন, তারা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৫০ হাজার করে টাকা পেতেন। গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ কমিয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই পরিপত্রে পরিচালন বাজেট থেকে নতুন আবাসিক, অনবাসিক বা অন্য ভবন নির্মাণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ খাতে অর্থ ব্যয় বন্ধ করা হয়েছে। এ ছাড়া পরিচালন বাজেটের থোক বরাদ্দ থেকে ব্যয় না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
আরেক পরিপত্রে বলা হয়েছে, ‘পূর্ণ স্কলারশিপ বা ফেলোশিপ নিয়ে দেশে বা বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত কর্মকর্তারা পড়াশোনা, আবাসন ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা পান। বর্তমানে তারা প্রেষণে থাকায় স্কলারশিপের পাশাপাশি সরকারি বেতন-ভাতাও গ্রহণ করেন। এ ক্ষেত্রে প্রেষণের পরিবর্তে শিক্ষা ছুটি দেওয়া হলে অতিরিক্ত সরকারি ব্যয় কমানো সম্ভব হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।’