ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ওরিখোভ শহরে তিন টনের একটি শক্তিশালী গ্লাইড বোমা নিক্ষেপ করেছে রাশিয়া।
স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) চালানো ওই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রকাশিত ভিডিও ও উন্মুক্ত তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত অস্ত্রটি ছিল রাশিয়ার FAB-3000 গ্লাইড বোমা। এটি রাশিয়ার সবচেয়ে শক্তিশালী প্রচলিত (নন-নিউক্লিয়ার) বিমান থেকে নিক্ষেপযোগ্য বোমাগুলোর একটি।
বোমাটিতে প্রায় ১ দশমিক ৪ থেকে ১ দশমিক ৫ টন উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক বহন করা যায় এবং এটি গাইডেড কিটের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বোমাটি আঘাত হানার পর বিশাল বিস্ফোরণে আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আগুন এবং ধ্বংসস্তূপের দৃশ্যও দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দাবি করা হয়েছে, বিস্ফোরণে এলাকাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রুশপন্থি সামরিক সূত্রের দাবি, প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে একটি যুদ্ধবিমান থেকে বোমাটি নিক্ষেপ করা হয় এবং এর লক্ষ্য ছিল ওরিখোভ এলাকার ইউক্রেনীয় সেনাদের অবস্থান ও লজিস্টিক হাব।
Shocking footage: Russians drop a 3-ton bomb (KAB/FAB) on Orikhiv in the Zaporizhzhia sector.
— Jürgen Nauditt 🇩🇪🇺🇦 (@jurgen_nauditt) July 13, 2026
If Europe were governed by real leaders rather than bureaucrats afraid of their own shadows, the skies over Ukraine would be closed, and these Russian attacks would not be possible. pic.twitter.com/SB2nzRFYZB
একই সঙ্গে তারা দাবি করেছে, হামলায় প্রায় ৪০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত স্বাধীন কোনো যাচাই বা ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ওরিখোভ শহরটি জাপোরিঝিয়া ফ্রন্টের একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাতে শহরটি দীর্ঘদিন ধরেই রুশ ও ইউক্রেনীয় বাহিনীর লড়াইয়ের কেন্দ্রবিন্দু।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে Al Arabiya English ও jurgen_nauditt অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।
প্রকাশের পর থেকেই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হামলার ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখে অনেক ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করেছেন এবং বেসামরিক এলাকায় ভারী বোমা ব্যবহারের সমালোচনা করেছেন। সূত্র: আনন্দবাজার
অমিয়/